সেবিকা হবার স্বপ্ন ভেঙে গেল মেয়ের, জীবন গেল বাবার

মতলুব হোসেন, জয়পুরহাট: নার্সিংয়ে ভর্তি হবার সুযোগ পেয়ে মনে মনে সেবা দানের নানা স্বপ্ন বুনছিলেন (আশা) জনৈক (১৯) নামে এক শিক্ষার্থীর। অনেক চেষ্টা করেও দরিদ্র পিতা অসহায় জহুরুল ইসলাম (৫০) মেয়ের নার্সিংয়ে ভর্তি হবার টাকা জোগাড় করতে না পেরে অবশেষে বিষপান করেছেন। এরপরপাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর জলপাইতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম ওই গ্রামের চাঁন মিঞার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জহুরুল ইসলামের মেয়ে (১৯) সিরাজগঞ্জে চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠানে নার্সিংয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। মেয়ের লেখাপড়ার খরচ ও ভর্তির জন্য প্রয়োজনীয় ৩০ হাজার টাকা জোগাড় করতে না পারায় তিনি হতাশায় ভুগছিলেন।
এ বিষয়ে নিহত জহুরুল ইসলামের পিতা চাঁন মিয়া পাঁচবিবি থানায় লিখিতভাবে একটি অপমৃত্যুর বিবরণ দিয়েছেন। তাঁর লিখিত বিবরণ অনুযায়ী, মেয়ের ভর্তির জন্য ৩০ হাজার টাকা জোগাড় করতে না পারায় সকালে বাবা ও মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর জহুরুল নিজ ঘরে গিয়ে বিষ পান করেন এবং বমি করতে থাকলে এক পর্যায়ে তার মেয়ে বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের খবর দেন; পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কারও প্রতি কোনো সন্দেহ বা অভিযোগ নেই বলেও লিখিত বিবরণে উল্লেখ করা হয়েছে।
পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, মেয়ের নার্সিংয়ে ভর্তির টাকা জোগাড় করতে না পেরে গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে জহুরুল ইসলাম নিজ বাড়িতে বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিকেল সাড়ে ৪ দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬ | সময়: ৬:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ