, , ।
স্টাফ রিপোর্টার: শাস্ত্রীয় ও সমকালীন নৃত্যের সমন্বয়ে দেশের নৃত্যশিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা ২০২৬’। ‘প্রতিটি ছন্দে ছড়াক আলো, নাচের মঞ্চ হোক তারার আলো’ প্রতিপাদ্যে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ২৫ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি, প্রতিযোগিতার বিভাগ ও গুণীজন সম্মাননা প্রদানের বিষয় তুলে ধরেন আয়োজকরা।
আয়োজকরা জানান, উৎসবের প্রথম দুই দিন অনুষ্ঠিত হবে অডিশন ও জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতা। ২৭ ডিসেম্বর আয়োজন করা হবে গ্র্যান্ড সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দেশের সব জেলার উদীয়মান ও প্রতিভাবান নৃত্যশিল্পীরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
প্রতিযোগিতায় পাঁচ বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক ও তদূর্ধ্ব শিল্পীরা তিনটি বয়স গ্রুপে অংশ নিতে পারবেন। একক, দ্বৈত, দলীয় ও প্রোডাকশন—এই চারটি বিভাগে শাস্ত্রীয়, লোক, সমকালীন ও সৃজনশীল নৃত্যের বিভিন্ন শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশের প্রথিতযশা নৃত্যগুরু ও শিল্পীদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড প্রতিযোগীদের পরিবেশনা মূল্যায়ন করবেন। পাশাপাশি প্রতিটি বিভাগে থাকবেন একজন করে তারকা বিচারক।
এবারের আয়োজনে নৃত্যশিল্পে দীর্ঘদিনের অবদান, সাধনা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ পাঁচজন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা ও পদক দেওয়া হবে। তাঁদের মধ্যে আজীবন সম্মাননা পাচ্ছেন আমানুল হক। নৃত্যাচার্য বুলবুল চৌধুরী পদক পাচ্ছেন কাজল ইব্রাহিম। লোকনৃত্য সম্রাট জি. এ. মান্নান পদক পাচ্ছেন রাজবাড়ীর নৃত্যশিল্পী ও পরিচালক আবদুস সাত্তার (কালু)। নৃত্য প্রভাকর গহর জামিল পদক পাচ্ছেন উদীয়মান নৃত্যশিল্পী হাসান ইশতিয়াক ইমরান। আন্তর্জাতিক সম্মাননা পাচ্ছেন নিউইয়র্ক প্রবাসী অ্যানি ফেরদৌসী।
আয়োজকরা জানান, আগ্রহী প্রতিযোগীরা অনলাইনে ডিজিটাল ফর্মের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। একক নৃত্যের নিবন্ধন ফি ৬০০ টাকা, দ্বৈত নৃত্যে ১ হাজার টাকা, দলীয় নৃত্যে ৮০০ টাকা এবং প্রোডাকশন নৃত্যে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে চ্যাম্পিয়নস ট্রফি, ক্রেস্ট, মানপত্র, সার্টিফিকেট, স্যাশ বা উত্তরীয় এবং নগদ অর্থ পুরস্কার। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নৃত্য কেবল শারীরিক মুদ্রা বা ছন্দ নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস ও আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ। ‘ধ্রুবতারা ২০২৬’-এর মাধ্যমে নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের একটি জাতীয় মঞ্চ তৈরি করতে চান তাঁরা। একই সঙ্গে অগ্রজ গুণীজনদের সম্মানিত করার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। প্রতিযোগিতার নিবন্ধন, অডিশন, মূল পর্বের সময়সূচি ও ভেন্যু সম্পর্কে বিস্তারিত তথ্য নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে জানানো হবে।