সর্বশেষ সংবাদ :

সরিষার আবাদ বাড়াতে উদ্যোগ: বদলগাছীতে চার সহস্রাধিক কৃষককে প্রণোদণা

বদলগাছী ও পাঁচবিবি প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ৪ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। পর্যায়ক্রমে ১০ জন করে কৃষকের দল গঠন করে মোট ৪ হাজার ১০০ কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে কৃষি উপকরণ কেনাবেচার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক দরিদ্র কৃষকের জমির পরিমাণ কম হওয়ায় তাঁদের অল্প পরিমাণ সার প্রয়োজন হয়। অথচ বাজারে পাঁচ বা ১০ কেজির মতো কম পরিমাণে সার কেনার সুযোগ অনেক সময় থাকে না। এ সমস্যা সমাধানে কৃষকদের চাহিদা অনুযায়ী পাঁচ, ১০ ও ১৫ কেজিসহ বিভিন্ন পরিমাণে সার বিক্রির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও উপকারভোগী কৃষকেরা।

এদিকে জয়পুরহাটের পাঁচবিবির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনাগুলো উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী বলেন, চলতি বছর উপজেলার ৬’হাজার প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১’কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি রাসায়নিক সার প্রদান করা হয়। তিনি আরো বলেন, সরিষার আবাদ বৃদ্ধি ও দেশে ভোজ্যতেলের ঘাটতি পূরণে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছেন। বিনামূল্যে বীজ ও সার পেয়ে খুশি উপকারভোগী কৃষকরা। তারা সরকার ও কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান, পিআইও কাওছার আলী, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম ও ইউনিয়ন কৃষি উপ-সহকারীসহ প্রান্তিক কৃষাণ-কৃষাণী।


প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬ | সময়: ৮:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর