, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রথমবারের মতো তাফসিরুল মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী। আগামী ২৮ নভেম্বর (শনিবার) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে। সেদিন মাঠ ছাড়াও নগরীজুড়ে বিভিন্ন স্থানে ১৫ টি জায়ান্ট স্কিনে এ মাহফিল সম্প্রচার করা হবে।
মাহফিল উপলক্ষে গতকাল বুধবার বিকালে মাদ্রাসা মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজক সংগঠন ওলামা মাশায়েখ পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। এ মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা। তাঁদের দাবি, এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসিরুল মাহফিলে পরিণত হতে পারে।
আরো জানানো হয়, মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁদের প্রত্যাশা, এটি রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল মাহফিল হতে যাচ্ছে। মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারাও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মাহফিল সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ, মাওলানা ড. ত্বহা বিন জহুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান আশু, হাফেজ নুরুজ্জামান, হাফেজ মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা মারুফ হোসেন, মাওলানা খিজির, আব্দুল্লাহ, আলহাজ্ব ইব্রাহিম প্রমুখ।