সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, ৬ জন গুলিবিদ্ধ

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার ২৩ নভেম্বর বিকেলে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সোমবার বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শুরুর আগমুহূর্তে নেতাকর্মীরা একত্রিত হলে আওয়ামীলীগ সমর্থিত ‘কাকন বাহিনীর’ সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ শুরু করে। হামলায় গুলিবিদ্ধ পাঁচজনকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন ছাত্রদল নেতা নাজমুল হাসান রিসাদ (২৬), সিজান খাঁ (২২), রিফাত (২৬), মাহিম (২৫), রবিউল (১৭) ও মাহিত (২৪)।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাদিয়া ফেরদৌস জানান, আহত ৬ জনই গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছিলেন এবং প্রত্যেকেরই পায়ে গুলি লেগেছে। গুলিগুলো শরীরের অনেক গভীরে (ডিপ) থাকায় এখানে তা বের করা সম্ভব হয়নি। রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ৬ জনকেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপি নেতারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। তবে এ বিষয়ে অভিযুক্ত কাকন বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, ‘ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬ | সময়: ৮:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর