, , ।
স্পোর্টস ডেস্ক: নারী ক্রিকেটের উন্নয়নে বিসিবির সাম্প্রতিক উদ্যোগগুলোর প্রশংসা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। তবে খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও নারী ক্রিকেটারদের ক্রিকেটের সঙ্গে যুক্ত রাখার সুযোগ তৈরি এবং বিসিবির নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রুমানা এসব উদ্যোগের জন্য বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেন, ‘সর্বপ্রথম বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল ভাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। নারী ক্রিকেটকে এগিয়ে নিতে তার নেওয়া বেশ কিছু কার্যকর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
বিসিবির বেশ কিছু উদ্যোগ উল্লেখও করেন রুমানা, ‘বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি ও নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, নিরাপদ ও পেশাদার কর্মপরিবেশ নিশ্চিতকরণ, বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, খেলোয়াড়দের নিরাপত্তায় স্বাধীন তদন্ত কমিটি গঠন, আন্তর্জাতিক সফরে বিজনেস ক্লাসে ভ্রমণের সুযোগ এবং আটটি বিভাগে আটজন নারী কোচ নিয়োগ। এসব উদ্যোগ নারী ক্রিকেটের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তবে নারী ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়নে আরও কিছু পদক্ষেপ চান সাবেক এই অধিনায়ক। বিশেষ করে অবসরের পর নতুন ক্যারিয়ার যেন খোঁজা না লাগে সে বিষয়ে বিসিবির প্রতি অনুরোধ করেছেন রুমানা।
তিনি লিখেন, ‘বর্তমানে নারী ক্রিকেটের অগ্রযাত্রা ধরে রাখতে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। যারা দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত এবং নিজেদের মেধা, শ্রম ও অভিজ্ঞতা দিয়ে নারী ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন, তাদের ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পর যেন নতুন করে অন্য কোনো পেশা খুঁজতে না হয়।’
‘তাদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও ক্রিকেট ক্যারিয়ার বিবেচনা করে বিসিবির বিভিন্ন পদে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’
অবসরের পর কী কী ভূমিকায় থাকতে পারেন সে বিষয়েও ধারণা দিয়েছেন রুমানা, ‘একজন নারী ক্রিকেটার যেন খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও কোচিং, প্রশাসন, গেম ডেভেলপমেন্ট, নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট, টেকনিক্যাল অ্যাডভাইজার কিংবা অন্যান্য উপযুক্ত দায়িত্বে ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকতে পারেন।’