, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: গত কয়েকদিনের বৃষ্টির পানিতে ডুবেছে জয়পুরহাটের হাজার হাজার কৃষকের ভাগ্য। সেই সাথে তাঁদের চোখেমুখে ফুটে উঠেছে অজানা আতংক আর শঙ্কার ছবি, কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। জেলার বিভিন্ন উপজেলার মাঠ ঘুরে দেখা গেল, জেলার বিভিন্ন মাঠের কোথাও জমিতে পড়ে আছে কাটা ধান, কোথাও মাটিতে শুয়ে গেছে সোনালী রংয়ের পাকা ধান আবার কোথাও ডুবে গেছে সদ্য জমিতে রোপন করা আলুর ক্ষেত। সেই সাথে যুক্ত হয়েছে সরিষা, পুঁইশাক সহ শীতকালীন আগাম নানা ধরনের সবজির বিপর্যস্ত শতাধিক একর ফসল।
বিশেষ করে দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারি জেলা হিসেবে পরিচিত জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলার কৃষকদের কাছে এই আকষ্মিক প্রাকৃতিক দুর্যোগ এখন মড়ার উপর খাঁড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে। ওই দুই উপজেলার কৃষকরা আগাম আলু চাষের লক্ষ্যে জমিতে আগাম ধান রোপন করেন। ফলে তাঁদের বেশির ভাগ জমিতে ইতিমধ্যেই আলু রোপন শুরু করেছেন এবং যেসব জমিতে এখনো আলু রোপন করেননি সেসব বেশির ভাগ জমিতে ইতিমধ্যেই ধান কেটে জমিতে ফেলে রেখেছেন শুকানোর আশায়। আর সেসব ধান এখন পানিতে ডুবে আছে।
একেতো জয়পুরহাটের কৃষকরা গত বছরের আলুতে বিপুল পরিমান লোকসানের বোঝা মাথায় নিয়ে এ বছর আগাম আলু চাষ করছিলেন লোকসান কাটিয়ে উঠতে। কিন্তু হঠাৎ দুর্যোগে তারা দিশেহারা হয়ে পড়েছেন। যারা রোপনের জন্য জমি প্রস্তুত করছিলেন তাঁরা কোল্ড ষ্টোরেজ থেকে বীজ আলু উত্তোলন করে বাড়ীতে রেখেছিলেন চারা গজানোর জন্য। সেইসব আলুর চারাও এখন গজিয়েছে, কিন্তু এখন আবার জমি প্রস্তুতের জন্য কমপক্ষে ১০/১৫ দিন সময় লাগবে, ফলে ওইসব আলুর চারা বেশি লম্বা হওয়ায় রোপনের উপযোগী থাকবে না। আর যেসব কৃষকের কাটা ধান জমিতে রাখা ছিল সেগুলো পানিতে ডুবে থাকায় এবং পাকা ধানের গাছ মাটির সাথে হেলিয়ে পড়ায় ধান পচে নষ্টের আশংকা দেখা দিয়েছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব কৃষক ইতিমধ্যে আলু রোপন করেছিলেন, তাদের আলুবীজ পচে নষ্ট হওয়ায় তাদের পুনরায় জমি প্রস্তুত সহ আলু রোপন করতে হবে। চলতি মৌসুমে আমন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার পাশাপাশি আলু রোপণের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তাঁরা।
আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই রোপণ শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সেই পরিকল্পনায় ছেদ পড়েছে। কোথাও রোপণ করা আলু নিয়ে দুশ্চিন্তা, আবার কোথাও জমি শুকানোর অপেক্ষায় পিছিয়ে যাচ্ছে চাষাবাদ। ক্ষেতলালের খলিশাগাড়ি মাঠের মুন্দাইল গ্রামের কৃষক আব্দুল লতিফ ২০ শতক জমিতে এস্টারিক্স জাতের আলু রোপণ করেছেন।
তিনি বলেন, আলু চাষে শুরুতেই বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়। প্রতি বিঘা জমিতে চার থেকে পাঁচ বস্তা বীজ লাগে। ব্র্যাকের বীজের বস্তা ১ হাজার ৫০০ টাকা এবং ইস্পাহানির বীজের বস্তা ১ হাজার ৩০০ টাকা দরে কিনতে হচ্ছে। এর সঙ্গে সার, কীটনাশক, জমি চাষ, শ্রমিক ও সেচের খরচ রয়েছে। সব মিলিয়ে উৎপাদন খরচ অনেক বেশি। তাঁর আশা, প্রতি বিঘায় ৮০ থেকে ১০০ মণ আলু উৎপাদন হবে। তবে প্রতি মণ ৬০০ থেকে ৭০০ টাকা দামে বিক্রি করতে পারলে খরচ বাদ দিয়ে কিছুটা লাভের মুখ দেখা সম্ভব হবে।
ধনকুড়াইল গ্রামের কৃষক শাজাহান বলেন, গত দুই বছর আলু চাষ করে ভালো দাম পাইনি। উৎপাদন খরচ তুলতেই অনেক কষ্ট হয়েছে। এবার নতুন আশা নিয়ে চাষ শুরু করেছিলাম। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে সেই আশাও ম্লান হয়ে যাচ্ছে। সদ্য রোপণ করা আলু নিয়ে এখন দুশ্চিন্তায় আছি। দ্রুত পানি না নামলে এবারও লোকসান গুনতে হবে।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তথ্য মতে, গত কয়েকদিনের বৃষ্টিতে খরিপ-২ ও রবি মৌসুমের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত জমির মধ্যে খরিপ-২ মৌসুমের ৪ হাজার ১১৫ হেক্টর এবং রবি মৌসুমের ১ হাজার ৫১১ হেক্টর জমি রয়েছে। খরিপ-২ মৌসুমে আক্রান্ত জমির সবই আমন ধান। আমন ধানের মোট ৭০ হাজার ১১০ হেক্টর অর্জিত জমির মধ্যে দন্ডায়মান রয়েছে ৩৯ হাজার ১০ হেক্টর। বৃষ্টির কবলে পড়ে আমন ধানের ৪ হাজার ১১৫ হেক্টর জমি আক্রান্ত হয়েছে।
এর মধ্যে ৩ হাজার ৭৮৩ হেক্টর উফশী এবং ৩৩২ হেক্টর হাইব্রিড আমনের জমি রয়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আলুর ক্ষেত। এ মৌসুমে ১ হাজার ২৩৭ হেক্টর আলুর জমি আক্রান্ত হয়েছে। এ ছাড়া সরিষা ১৯২ হেক্টর, শীতকালীন শাক সবজি ৪৫ হেক্টর, পেঁয়াজ ২২ হেক্টর, গম ১১ হেক্টর, মরিচ ৩ হেক্টর ও রসুন এক হেক্টর জমি আক্রান্ত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মনজু আলম সরকার বলেন, বৃষ্টিতে যেসব আলুর জমিতে পানি জমেছে, সেসব জমি থেকে দ্রুত পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। সরিষা সহ রবি মৌসুমের অন্যান্য ফসলের জমিও বৃষ্টিতে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অনেক কৃষক আমন ধান কেটে মাঠে রেখেছেন। বৃষ্টিতে এসব ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া যেসব জমিতে এখনো ধান কাটা হয়নি, সেগুলো নিয়েও উদ্বেগ রয়েছে। আরও বৃষ্টি হলে খরিপ-২ ও রবি মৌসুমের ফসলের ক্ষতির সম্ভবনা রয়েছে।