, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন ‘উদ্যোক্তারা নতুন ব্যবসা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ ব্যবসাগুলো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। নতুন পণ্য ও সেবা চালু করে এবং উৎপাদন প্রক্রিয়া উন্নত করে বাজারকে আরও গতিশীল করে। একমাত্র উদ্যোক্তরাই নিজেকে, পরিবারকে এবং রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে এগিয়ে দেয়’।
রোববার দুপুরে নগরীতে মাসব্যাপি বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদনই এক এক করে আয়বৃদ্ধি ও কর রাজস্বের মাধ্যমে জাতীয় অর্থনীতি ও জিডিপিতে অবদান রাখে। দেশীয় ও স্থানীয় পণ্য উৎপাদন একদিকে আমদানিনির্ভরতা কমায় এবং অন্যদিকে রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হয়।
আজকের এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যাক্তরাই ভবিষ্যতে দেশের কল্যাণে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। শেষে তিনি বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় এলাকা। এই এলাকাকে অর্থনৈতিক জোনে গড়ে তোলা সম্ভব। এখানে আম, মাছ ও কৃষিপন্যের হাব হতে পারে।
উইমেন এন্টারপ্রিনিয়ার্স অব বাংলাদেশ (ওয়েব)’র আয়োজনে নগরীর নজরুল ভিলেজ মাঠ প্রাঙ্গণে ওয়েবের সভাপতি মোসা: আঞ্জুমান আরা পারভীন লিপির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা বিসিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. জিয়াউদ্দিন, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আকবারুল হাসান মিল্লাত।