সর্বশেষ সংবাদ :

পবায় বনায়ন কর্মসূচি : গাছের ৫০ শতাংশ আয় পাবেন গ্রাম পুলিশ

স্টাফ রিপোর্টার: গ্রামীণ সড়কে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রাম পুলিশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে ‘গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি’। এ কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নে ১৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। রোপণ করা গাছের পরিচর্যার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যরা গাছ থেকে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ পাবেন। বাকি ৫০ শতাংশ জমা হবে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে।
রোববার (২২ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। পরে তিনি হড়গ্রাম ইউনিয়ন পরিষদের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করেন।
এমপি মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে প্রতিটি ইউনিয়নে একটি করে সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখা এবং গ্রাম পুলিশ সামাজিক বনায়ন কর্মসূচি দেশব্যাপী বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পবায় প্রথমবারের মতো এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নে দুই হাজার করে মোট ১৬ হাজার গাছ লাগানো হবে। এর একটি অংশের রোপণ ও পরিচর্যার দায়িত্ব পালন করবেন গ্রাম পুলিশ সদস্যরা। বাকি গাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রোপণ করা হবে।
তিনি বলেন, গ্রাম পুলিশ সড়ক নামকরণের পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব দেওয়ার মাধ্যমে গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি এবং তাঁদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন জনমুখী কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে এমপি মিলন বলেন, বৃক্ষরোপণ, খাল খনন, মাছ চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা এবং গণশিক্ষার মতো উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এসব কর্মসূচির লক্ষ্য ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী করা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে নারী শিক্ষার প্রসার ও অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এর অংশ হিসেবে বৃক্ষরোপণের পাশাপাশি হুইলচেয়ার, সেলাই মেশিন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং বয়স্ক, বিধবা ও অসচ্ছল ব্যক্তিদের ভাতা প্রদানের মতো বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, গ্রামীণ সড়কে সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থকরী সম্পদ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর সুরক্ষা ও পরিচর্যার দায়িত্বও নিতে হবে। ভবিষ্যৎ অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় মেহগনি, নিমসহ বিভিন্ন কাঠজাতীয় গাছ নির্বাচন করা হয়েছে। পাশাপাশি স্বল্পমেয়াদে আয়ের সুযোগ তৈরির লক্ষ্যে বিভিন্ন স্থানে খেজুরগাছ রোপণের পরিকল্পনা রয়েছে। গাছ বড় হলে রস ও গুড় উৎপাদনের মৌসুমে ইজারা দেওয়ার মাধ্যমে আয় করা সম্ভব হবে।
ইউএনও জানান, উপজেলার আটটি ইউনিয়নে আটটি গ্রাম পুলিশ সড়ক স্থাপনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ওয়ার্ড সদস্যদের সমন্বয়ে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। সরকারের পাঁচ বছরের বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে পবায় এক বছরের মধ্যেই নির্ধারিত লক্ষ্য পূরণের আশা করা হচ্ছে। অনুষ্ঠানে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র শেখ মুকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও উপকারভোগীরা।


প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬ | সময়: ৭:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর