, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত ৫ (পাঁচ) দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে বিসিকের সম্মেলন কক্ষে জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সাজিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতীয় অর্থনীতিতে সেক্টরের গুরুত্ব, শিল্পনীতি ২০২২ এবং উন্নয়নে বিসিক, বিটিআই সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা ও অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের অবদানের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আব্দুর রহিম, সম্প্রসারণ কর্মকর্তা ও শিল্পনগরী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। তিনি প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য, গুরুত্ব এবং উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফরোজা খাতুন, সম্প্রসারণ কর্মকর্তা, বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।