, , ।
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড সফরে বাজেভাবে টেস্ট সিরিজে হারের পর থেকে আলোচনায় ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তিনি ও ইমাম-উল-হকের বিরুদ্ধে সম্ভাব্য জুয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। এমনকি তদন্তের নামে রিজওয়ানের ফোন জব্দ করে রাখা নিয়ে বারবার অভিযোগ করে আসছিলেন তিনি। এবার অভিজ্ঞ এই তারকা ব্যাটারকে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।
শনিবার লাহোরে এক যৌথ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা ঘোষণা করেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন ও পিসিবির হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ। নতুন চুক্তির মেয়াদ আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এবার ৩৮ জন ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ পড়েছেন ১৩ জন।
চুক্তি থেকে ঝরে পড়া ক্রিকেটারদের মধ্যে আছেন মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব। একইভাবে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি– হাসান আলি, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলি, হুসাইন তালাত, খররম শেহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসি জুনিয়রের।
এবারের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের কোন বিবেচনায় নেওয়া হয়েছে– তা জানিয়ে আকিব জাভেদ বলেন, অন্তত একটি সংস্করণে সক্রিয় থাকা ক্রিকেটারদেরই কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হচ্ছে। খেলোয়াড়দের নিজ নিজ সংস্করণে মনোযোগ ধরে রাখার সুযোগ দিতেই ক্যাটাগরিভিত্তিক চুক্তির কাঠামো তৈরি করা হয়েছে। তবে কোনো ক্রিকেটারকে নির্দিষ্ট সংস্করণের ক্যাটাগরিতে রাখা হলেও অন্য সংস্করণে পাকিস্তানের হয়ে খেলার ক্ষেত্রে তার কোনো বাধা থাকবে না বলে স্পষ্ট করেছেন আকিব।
রিজওয়ানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, প্রয়োজন হলে জাতীয় দলে ফিরতে পারেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। কেন্দ্রীয় চুক্তির সঙ্গে জাতীয় দলে নির্বাচিত হওয়ার কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। এর বাইরে সাইম আইয়ুব ও শান মাসুদের কথা বিশেষ করে বলেননি কেউ। তবে দুজন ফর্মজনিত কারণে উভয়ের দল থেকে বাদ পড়ার ঘটনা কারও অজানা নয়।
নতুন কাঠামোয় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণের জন্য আলাদা ক্যাটাগরি রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে উন্নয়নমূলক ক্যাটাগরি। বাবর আজম ও সালমান আলী আগাকে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণের জন্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। টেস্ট ক্যাটাগরিতে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।
অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের চুক্তির প্রস্তাব পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। শুধু টি-টোয়েন্টি সংস্করণের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।
এ ছাড়া উন্নয়নমূলক ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ১৯ ক্রিকেটার। তারা হলেন—আব্দুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তৈয়ব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহ।