, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পোষা হাতি ব্যবহার করে অভিনব কায়দায় যানবাহন ও পথচারীদের পথরোধ করে রাজশাহীর গোদাগাড়ী-আমনুরা আঞ্চলিক সড়কে চলছে চাঁদাবাজি। সড়কে চলাচলকারী সিএনজি, অটোরিকশা, ট্রাক, কার ও মাইক্রোবাসে হাতির শুঁড় গাড়ির ভেতরে ঢুকিয়ে আদায় করা হচ্ছে টাকা।
গোদাগাড়ী পৌর এলাকাসহ উপজেলার অন্তত ১০-১২টি এলাকায় জিম্মি হয়ে পড়েছেন হাতির এই চাঁদাবাজির কাছে। বৃহস্পতিবার বিকেলে ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে। এতে সড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরজমিনে দেখা যায়, আমনুরা সড়কে সাধুর মোড় এলাকায় যানবাহন আটকিয়ে হাতি দিয়ে টাকা তুলতে দেখা যায়। বড় একটি হাতির পিঠে বসে দুনজন হাতিটিকে পরিচালনা করছেন। হাতি শুঁড় দিয়ে বিভিন্ন যানবাহনের কাছ থেকে টাকা নিয়ে সহযোগীর হাতে তুলে দিচ্ছে। টাকা না দেওয়া পর্যন্ত যানবাহনের সামনে থেকে হাতি সরছে না, এমন দৃশ্যও দেখা গেছে। এ নিয়ে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে চাপা উত্তেজনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হাতি সড়কের মধ্যে দাঁড় করিয়ে বাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামানো হয়। পরে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়।
উপজেলার হঠাৎপাড়া বাজারের মৌসুমি ট্রেডার্সের মালিক বুলবুল আহমেদ জানান, উপজেলার আমতলা মোড় থেকে সড়কে প্রতিটি যানবহনে হাতি এনে চাঁদাবাজি করা হচ্ছে। প্রতিটি যানবাহন থেকে কমপক্ষে ১০ থেকে ৫০ টাকা করে আদায় করা হয়।
আমতলী হীরালুটি পুল গ্রামের আলম বলেন, রাস্তার মধ্যে হাতি দাঁড় করিয়ে গাড়ি থামানো সম্পূর্ণ অন্যায়। ছোট বাচ্চা, বৃদ্ধ মহিলা ও বিভিন্ন বয়সের মানুষ হাতি দেখে ভয় পাচ্ছেন। মোটরসাইকেলের সামনে হাতি শুঁড় বাড়িয়ে দিলে চালকেরা আতঙ্কিত হয়ে পড়েন।
সাধুর মোড় এলাকার ব্যবসায়ী মুকুল বলেন, এভাবে প্রকাশ্যে হাতি দিয়ে চাঁদা তোলা ঠিক নয়। এতে মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
অটো চালক দুলাল বলেন, প্রতি মাসে বিভিন্ন এলাকা থেকে আসা হাতি দিয়ে এখানে চাঁদাবাজি করা হচ্ছে। প্রশাসনিকভাবে বিষয়টি দেখার কেউ নেই।
হাতির পরিচালক ইকবাল হোসেন বলেন, ‘আমরা হাতি নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকা থেকে খাবারের জন্য টাকা সংগ্রহ করি। তবে, জোর করে কারো কাছ থেকে টাকা নেওয়া হয় না। লোকজন স্বেচ্ছায় যা দেয়, তাই নিয়ে আমরা সন্তুষ্ট। তাদের দাবি হাতির ভরণপোষণের জন্য মানুষ খুশি হয়েই ‘সেলামি’ বা সাহায্য হিসেবে এই টাকা দেন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া জানান, আমি বিষয়টি শুনেছি। সড়কে এ ধরনের হাতি দিয়ে চাঁদাবাজি কঠোরভাবে প্রতিরোধ করা হবে। যোগাযোগ করা হলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানান, হাতি দিয়ে কিংবা ব্যক্তি মালিকানাধীন প্রাণী দিয়ে টাকা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।