, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় শামীম রেজা বিদ্যুৎ (৩৬) নামের একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকালে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে একটি ককটেল হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাগমারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা বিদ্যুৎ দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার মচমইল প্রতিনিধি। তার বাড়ি উপজেলার মাধাইমুড়ি গ্রামে। বাবার নাম মো. সামশুদ্দিন। তিনি আওয়ামী লীগ নেতা ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রেস সচিব ছিলেন বলে দাবি করেছে পুলিশ। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, শামীম রেজা বিদ্যুৎ আওয়ামী লীগের সাবেক এমপির প্রেস সচিব। তিনি কার্যক্রম নিষিদ্ধ দলটির টেলিগ্রাম গ্রুপেও যুক্ত ছিলেন। অন্য একজনকে গ্রেপ্তারের পর তার ব্যাপারে তথ্য পাওয়া গেছে। তাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, গত ২৪ জুলাই রাতে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা হয়। এ মামলায় শামীম রেজা বিদ্যুৎকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্তে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও দাবি করেন ওসি।