, , ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিদ্যালয়ের মাঠ সংস্কার না করেই গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের বরাদ্দের পুরো ১ লাখ ১৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহার বিরুদ্ধে। দুই দফায় প্রকল্পের সম্পূর্ণ অর্থ উত্তোলন করলেও দীর্ঘদিনেও মাঠ সংস্কারের কাজ শুরু করেননি তিনি।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে একাধিকবার তাগাদা দেওয়া হলেও তা উপেক্ষা করে কাজ বাস্তবায়নে গড়িমসি করছেন ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এদিকে প্রকল্পের মেয়াদও শেষ হয়েছে।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের জন্য ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বিদ্যালয়ের পক্ষে বরাদ্দের অর্থ গ্রহণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা। কিন্তু মাঠ সংস্কারের কোনো কাজ না করেই ২০২৫ সালের ১৯ নভেম্বর প্রথম দফায় ৫৭ হাজার ৫০০ টাকা এবং ২৩ ডিসেম্বর দ্বিতীয় দফায় আরও ৫৭ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন তিনি। অর্থাৎ দুই দফায় প্রকল্পের সম্পূর্ণ অর্থ উত্তোলন করা হলেও মাঠ সংস্কারের কাজ বাস্তবায়িত হয়নি।
শুধু তাই নয় প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে ব্যয়ের হিসাব ও বিল-ভাউচার মাস্টাররোল দাখিলের নিয়ম থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ কারণে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে একাধিকবার তাঁকে কাজ শেষ করার তাগাদা দেওয়া হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমও কাজটি সম্পন্ন করতে নির্দেশনা দেন।
এরপরও কাজ না হওয়ায় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর সরকারি বরাদ্দের অর্থের ব্যবহার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় বরাদ্দ ও অর্থ উত্তোলনের নথি যাচাই করে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা বলেন, মাটি না পাওয়ায় সংস্কারকাজ করা হয়নি। তবে বিলের টাকা উত্তোলন করে রাখা হয়েছে।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।