সর্বশেষ সংবাদ :

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

সানশাইন ডেস্ক: নাটোর সদরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। রোববার রাত ১১টার দিকে দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. মনসুর রহমান জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মাইক্রোবাসে করে ২০ থেকে ২৫ জন ব্যক্তি দত্তপাড়া বাজারে আসে। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাটোর-বনপাড়া মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর প্রায় শতাধিক ফাঁকা গুলি করে। গুলি ও বিস্ফোরণের শব্দে মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে দত্তপাড়া বাজার ফাঁকা হয়ে যায়। কিছুক্ষণ পর গুলি ও ককটেল ছোড়া দলটি আবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যায়।
ওসি মনসুর রহমান বলছেন, কারা ককটেল ও গুলি ছুড়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ। এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আওয়ামী লীগের নাশকতা রুখতে দত্তপাড়া বাজারে বিক্ষোভ করেছে নাটোরে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬ | সময়: ৩:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর