সর্বশেষ সংবাদ :

আওয়ামী লীগের পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি

সানশাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পলাতক আসামিরা সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য যশোর-সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে যশোর বিজিবি।
যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বলেন, সীমান্ত এলাকায় দুই-তিন স্তরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। নাইটভিশন গোগলস, বাইনোকুলার, সিসিটিভি ক্যামেরা, থার্মাল ড্রোন ক্যামেরা ও সার্চলাইটসহ আধুনিক সরঞ্জামের মাধ্যমে ২৪ ঘণ্টা টহল দেওয়া হচ্ছে। রবিবার বিকেলে যশোর শহরের ঝুমঝুমপুরে বিজিবির ৪৯ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিজিবি অধিনায়ক বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলটি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, আগামী ডিসেম্বরে ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরৎ আসার গুজবকে কেন্দ্র করে দলটির পলাতক আসামিরা দেশে ফেরত আসার অপচেষ্টা করতে পারে বলেও শোনা যাচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিভিন্নভাবে পলাতক কার্যক্রম নিষিদ্ধ দলটির বেশিরভাগ নেতা ভারতের পশ্চিমবঙ্গে বসবাস গড়ে তুলেছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। সেখান থেকে যদি তারা দেশে ঢুকতে চায়, তাহলে যশোর-সাতক্ষীরা সীমান্ত ব্যবহার করার সম্ভাবনাই বেশি।
এজন্য এ দুই জেলার ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে। বিজিবির নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্কের পাশাপাশি জেলা ও পুলিশ প্রশাসনসহ অন্য গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, এই ইস্যুতে সরকারি ও বিরোধী দলসহ সবাই একমত। সে কারণে রাজনৈতিক দলগুলোর সীমান্ত এলাকার রুট লেভেলের নেতা-কর্মীদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় মাইকিং করে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে এলাকায় নতুন অপরিচিত ব্যক্তি দেখলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মতবিনিময় সভায় বিজিবির ৪৯ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬ | সময়: ৩:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর