, , ।
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব মনোযোগ দিয়ে পড়াশোনা করা, এ মন্তব্য করে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশ, জাতি ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। আর শিক্ষার্থীদের জন্য সুন্দর ও সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে।
শনিবার রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, সরকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার আন্তরিক। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনা হচ্ছে।
এর আগে ভূমিমন্ত্রী শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াকুব আলী, নগর পুলিশের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।