, , ।
স্টাফ রিপোর্টার: সোনালী ব্যাংক পিএলসি-এর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী ও বগুড়ার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) জামান মোল্লা, সাফায়েত হোসেন পাটওয়ারী এবং জেনারেল ম্যানেজার’স অফিস, বগুড়ার ডেপুটি জেনারেল ম্যানেজার রোকশানা আক্তার জাহান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহীর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) শওকত জামান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ই-ওয়ালেট ও বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমকে আরও জনপ্রিয় ও সম্প্রসারিত করার আহ্বান জানান। তিনি বলেন, উত্তরবঙ্গের কৃষি খাতকে এগিয়ে নিতে বিশেষ কৃষি হাব গঠনের লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম এবং দেশের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব স্কিমসহ সরকার ঘোষিত অন্যান্য পুনঃঅর্থায়ন কর্মসূচিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এ সময় ব্যাংকের আমানত সংগ্রহ, ঋণ আদায়, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স আহরণ ও গ্রাহকসেবার মানোন্নয়নে আরও নিষ্ঠা, দক্ষতা এবং জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি ব্যাংকের সব ব্যবসায়িক ও আর্থিক সূচকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেন। বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, খেলাপি ঋণ আদায়, ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসার এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে শওকত জামান বলেন, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের দিকনির্দেশনা অনুসরণ করে রাজশাহী ও বগুড়া অঞ্চলের ব্যাংকিং কার্যক্রমে আরও গতিশীলতা সৃষ্টি করা হবে। নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংকের সার্বিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে তিনি সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে সোনালী ব্যাংকের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার প্রসার, আর্থিক সূচকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে নতুন কর্মপরিকল্পনা ও উদ্দীপনা সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করা হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের অবদান আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে সম্মেলনটি শেষ হয়।