সর্বশেষ সংবাদ :

নাবিল গ্রুপের পার্টনার্স মিট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের পণ্যের বিস্তৃতি। মধ্যপ্রাচ্য ও আমেরিকার বাজারেও জায়গা করে নিচ্ছে প্রতিষ্ঠানটির বিভিন্ন ভোগ্যপণ্য। ব্যবসায়িক এই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডিলারদের জন্য বিশেষ প্রণোদনা ও নিরাপত্তা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আওতায় ডিলারদের এককালীন অনুদান দেওয়ার পাশাপাশি বীমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার রাজশাহীতে নাবিল গ্রুপের আরঅ্যান্ডডি সেন্টারে আয়োজিত পার্টনার্স মিট ও নবান্ন উৎসবে এসব উদ্যোগের কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলারদের সঙ্গে ব্যবসার বর্তমান পরিস্থিতি, বিদায়ী বছরের অর্জন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় তিনি আরো বলেন, নাবিল গ্রুপের ব্যবসায়িক সাফল্যের পেছনে ডিলারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদিত পণ্য বাজারজাত করা থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়ে ডিলাররা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। তাদের এই অবদানকে স্বীকৃতি দেওয়া এবং ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করতেই বিশেষ প্রণোদনা ও বীমা সুবিধার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ডিলারদের মেধাবী সন্তানদের জন্য স্কলারশীপ চালুরও ঘোষণা দেন ব্যবস্থাপনা পরিচালক।
অনুষ্ঠানে নাবিল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহান বক্স মণ্ডল বলেন, নাবিল গ্রুপের পণ্য বিক্রির মাধ্যমে অনেক ডিলার আজ বড় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। শুধু ডিলাররাই নন, তাদের ব্যবসাকে কেন্দ্র করে অসংখ্য মানুষের কর্মসংস্থানও তৈরি হয়েছে। ফলে নাবিল গ্রুপের অগ্রযাত্রায় ডিলারদের পাশাপাশি তাদের সঙ্গে যুক্ত পরিবারগুলোরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি বলেন, ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। ডিলারদের অংশগ্রহণে আয়োজিত পার্টনার্স মিট ও নবান্ন উৎসবে ব্যবসায়িক সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ডিলারদের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।


প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬ | সময়: ৫:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর