সর্বশেষ সংবাদ :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ পুনর্মিলনীতে ২০১২ সাল থেকে স্প্রিং-২০২৬ পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও পরিচিত মুখগুলোর সঙ্গে মিলিত হয়ে দিনটি স্মৃতিচারণা, আনন্দ ও আড্ডায় মাতিয়ে তোলেন তাঁরা।
পুনর্মিলনী উপলক্ষে ১২ নভেম্বর সন্ধ্যায় আয়োজন করা হয় খিচুড়ি আড্ডা ও কিট বিতরণ অনুষ্ঠানের। পরদিন ১৩ নভেম্বর ফিতা কাটা ও কবুতর উড়িয়ে মূল আয়োজনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, ইংরেজি বিভাগের প্রধান ও স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক মো. শহীদুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা। অধ্যাপক মো. শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিক অধিবেশন শুরু হয় প্রথম অ্যালামনাই পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়কের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার। তবে অনিবার্য কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. কানিজ হাবিবা আফরিন এবং রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মো. শহীদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর অব্যাহত সহযোগিতা, উচ্চশিক্ষার প্রসারে দূরদর্শী চিন্তা ও অবদানের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তাঁর পক্ষে নির্বাহী পরিচালক সম্মাননা স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভাগের প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ইসমত আরা মিস্টিসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণা তুলে ধরেন। পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। অধ্যাপক মো. শহীদুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক অধিবেশনের সমাপ্তি ঘটে। মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা পর্ব। পরে আমবাগানসংলগ্ন মাঠে ব্যান্ড দল ‘অড সিগনেচার’-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সংগীতের তালে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। দীর্ঘদিনের স্মৃতি ও বন্ধুত্বের বন্ধনে দিনটি হয়ে ওঠে সবার জন্য এক আনন্দঘন মিলনমেলা।


প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬ | সময়: ৫:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর