, , ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সামনে রেখে একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। একাদশে জায়গা পেয়েছেন দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা জুবায়ের হামজা। জোহাসেনবার্গে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।
আজ রবিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ‘দ্য বুলরিং’ নামে পরিচিত এই মাঠে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই বেশ কিছু চমক রেখেছে প্রোটিয়ারা।
ঘোষিত একাদশে ওপেনার এইডেন মার্করামের সঙ্গে আছেন মার্কেস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা। দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন হামজা। চলতি বছরের শুরুতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে দুটি ইনিংসে ৭৮ ও ৬৮ রান করেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত আটটি টেস্ট খেলেছেন এই ব্যাটার।
বোলিং আক্রমণেও পেসারদের প্রাধান্য দিয়েছে স্বাগতিকরা। মার্কো জানসেন, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন ও উইয়ান মুল্ডারকে নিয়ে সাজানো হয়েছে পেস ইউনিট। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন সাইমন হারমার। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারছেন না আনরিখ নরকিয়া। কেশব মহারাজ ও করবিন বশকেও রাখা হয়নি একাদশে। তবে, কোচ শুকরি কনরাড আশাবাদী, দ্বিতীয় টেস্টেই দলে ফিরতে পারবেন নরকিয়া।
বাংলাদেশের পেস আক্রমণ নিয়েও সতর্ক দক্ষিণ আফ্রিকা। কোচ কনরাডের মতে, বাংলাদেশের পেস বোলিং ইউনিট এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাংলাদেশের কন্ডিশন ও পেসারদের সামর্থ্য সম্পর্কে ভালো ধারণা দিতে দক্ষিণ আফ্রিকার কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে টেস্ট ক্রিকেটের শীর্ষ দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করবে প্রোটিয়ারা। তবে, বাংলাদেশের বিপক্ষে তাদের কাজটা সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ এই দুই ম্যাচের সিরিজ। ১৫ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্টের পর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। টাইগারদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচের একাদশ: এইডেন মার্করাম, মারকাস অ্যাকারমান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), ভিয়ান মুল্ডার, মার্কো জানসেন, সায়মন হারমার, কাগিসো রাবাদা এবং ড্যান প্যাটারসন।