স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও বাড়ছে না সেবার মান !

নুরুজ্জামান :

স্বাস্থ্যসেবা নাগরিকের মৌলিক অধিকার। অসুস্থ হলে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন এটাই প্রত্যাশিত। এ লক্ষ্যেই প্রতিবছর জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বরাদ্দ বাড়লেও সাধারণ মানুষ কতটা চিকিৎসাসেবা পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। সরকারি হাসপাতালে ওষুধের সংকট, চিকিৎসকের অভাব, অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কমিশন-বাণিজ্যের অভিযোগে বাড়ছে রোগীদের ভোগান্তি।

অসুস্থ শরীর নিয়ে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের বারান্দায় অপেক্ষা করছেন শত শত রোগী। হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্র থাকলেও প্রয়োজনীয় অনেক ওষুধ কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। পরীক্ষা-নিরীক্ষার জন্য যেতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। ফলে চিকিৎসা নিতে এসে বাড়তি অর্থ ব্যয়ের চাপে পড়ছেন রোগীরা। অভিযোগ রয়েছে, কোনো কোনো চিকিৎসক প্রয়োজনের অতিরিক্ত পরীক্ষা লিখে দিয়ে নির্দিষ্ট ডায়াগনস্টিক প্রতিষ্ঠান থেকে কমিশন নিয়ে থাকেন। লোকজনের দাবি, এসব অভিযোগের তদন্ত পূর্বক প্রয়োজন ব্যবস্থা নেয়া হউক।

গত ১৩ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার ও দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন। এদিকে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরের সংশোধিত বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা। বরাদ্দের পরিমাণ বাড়লেও হাসপাতাল পর্যায়ে সেবার মান কতটা উন্নত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সামগ্রী মজুত থাকলেও রোগীরা প্রয়োজন অনুযায়ী পাচ্ছেন না। সম্প্রতি একটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে করোনা মহামারির সময় বিতরণের জন্য বরাদ্দ করা বিপুল পরিমাণ মাস্ক অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার বিষয়টি সামনে এসেছে। এ ঘটনা সরকারি চিকিৎসাসামগ্রী কেনা, সংরক্ষণ ও বিতরণের জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছে।

রোগীদের অভিযোগ, ব্যবস্থাপত্রে লেখা অনেক ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হয় না। বাইরে থেকে কিনতে হয়। একইভাবে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা করানোর সুযোগ না থাকায় তাঁদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের পক্ষে এসব ব্যয় বহন করা কঠিন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, নির্দিষ্ট প্রতিষ্ঠানে পরীক্ষা করানোর পর কোনো কোনো চিকিৎসক কমিশন পেয়ে থাকেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন তদন্ত করা প্রয়োজন।

এদিকে, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের শূন্য পদও উদ্বেগজনক। গত ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য ছিল। ফলে কর্মরত চিকিৎসকদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে এবং উপজেলা ও জেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য খাতে শুধু বরাদ্দ বাড়ালেই প্রত্যাশিত ফল পাওয়া সম্ভব নয়। বরাদ্দের সঠিক ব্যবহার, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর যথাসময়ে বিতরণ, চিকিৎসকের শূন্য পদ পূরণ এবং হাসপাতালেরপরীক্ষা-নিরীক্ষার সক্ষমতা বাড়ানো জরুরি। পাশাপাশি অপ্রয়োজনীয় পরীক্ষা, নির্দিষ্ট ডায়াগনস্টিক প্রতিষ্ঠানে রোগী পাঠানো এবং কমিশন গ্রহণের অভিযোগ নিরপেক্ষ ভাবে তদন্ত করতে হবে ।

এ ছাড়া ইদানিং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসার নামে নানা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখা যাচ্ছে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের কোনো কোনো ওষুধের বৈধ উৎপাদন লাইসেন্স নেই। যে কারনে তাদের ওষধ ফার্মাসিতে পাওয়া যায়না । সম্প্রতি রাজশাহীর বাঘায় এমন একটি ভুয়া ওষুধ তৈরির কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ। এ ঘটনায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং নকল ওষুধগুলো পুড়িয়ে ফেলা হয়। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে সমাজের বিশিষ্টজনদের দাবি, সরকারি হাসপাতালের ওষুধের মজুত, চিকিৎসাসামগ্রী বিতরণ ও যন্ত্রপাতির ব্যবহার নিয়মিত নিরীক্ষার আওতায় আনতে হবে। পাশাপাশি অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

রাজশাহীর বাঘা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী দুলাল হোসেন জানান, নিয়মিত ওষুধ প্রয়োজন এমন মানুষের জন্য সরকার মাসিক কার্ড চালু করেছে। কিন্তু বাঘা স্বাস্থ্যকেন্দ্রে কার্ড করার পরও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। আগে ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সরবরাহ করা হলেও এখন তা দেওয়া হচ্ছে না। ফলে সাধারণ মানুষ চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।

এ প্রসঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়িত হবে। সরকারি হাসপাতালে গেলে চিকিৎসক পাওয়া যাবে, প্রয়োজনীয় ওষুধ মিলবে এবং চিকিৎসকের পরামর্শ কোনো বাণিজ্যিক স্বার্থ দ্বারা প্রভাবিত হবে না। স্বাস্থ্য খাতে সরকারের সাফল্য বরাদ্দের অঙ্কে নয়, সাধারণ মানুষ কতটা সহজে, স্বল্প খরচে ও মানসম্মত চিকিৎসা পাচ্ছেন, তার ভিত্তিতেই মূল্যায়িত হওয়া উচিত।

নুরুজ্জামান /শাহজাদা


প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬ | সময়: ৬:১৭ অপরাহ্ণ | Daily Sunshine