সর্বশেষ সংবাদ :

‘খেলনা বন্দুক’ নয়, বাংলাদেশের পেস এখন ভয়ংকর অস্ত্র: আফ্রিকা কোচ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশকে আতিথ্য দিতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রতিপক্ষকে নিয়ে আত্মবিশ্বাসের পাশাপাশি সতর্কতাও আছে স্বাগতিক শিবিরে। বিশেষ করে বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিতে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড। তার মতে, যেকোনো পরিবেশে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো পেসার এখন বাংলাদেশের হাতে রয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। পরের ম্যাচটি সেঞ্চুরিয়নে। দুটি ভেন্যুই হাইভেল্ড অঞ্চলে অবস্থিত, যেখানে বাতাস ও কন্ডিশনের কারণে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। বাংলাদেশের বিপক্ষে এই দুই ম্যাচের পর একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজের প্রথম দুই টেস্ট খেলবে প্রোটিয়ারা। বাংলাদেশের পেস আক্রমণে এই পরিবর্তনকে বড় করে দেখছেন কনরাড। তার চোখে, একসময় দক্ষিণ আফ্রিকা সফরে আসা বাংলাদেশের বোলিং আক্রমণ প্রতিপক্ষের জন্য বড় কোনো হুমকি ছিল না। সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। কনরাড বলেন, ‘বাংলাদেশের এখন দারুণ একটি পেস আক্রমণ গড়ে উঠেছে। আগে তারা এখানে খেলনা বন্দুকের মতো বোলিং আক্রমণ নিয়ে আসতো, কিন্তু এখন তাদের এমন বোলার আছে যারা যেকোনো কন্ডিশনে লড়াই করতে জানে।’
হাইভেল্ডের পরিবেশে বাংলাদেশের পেসারদের সামর্থ্য আরও ভালোভাবে পরীক্ষিত হতে পারে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকা কোচ। তাই প্রতিপক্ষকে সমীহ করেই মাঠে নামতে চান তারা। কনরাডের ভাষায়, ‘বিশেষ করে হাইভেল্ডের কন্ডিশনে, যেখানে পেসাররাই বাড়তি সুবিধা পাবে বলে আমরা আশা করছি। আমরা তাদের কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না।’


প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬ | সময়: ৬:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর