, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতাধীন বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে “ওয়েব পোর্টাল” বিষয়ক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার । দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম স্মার্ট ও উন্নত করার উদ্দেশ্যে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়, রাজশাহীর আয়োজনে এবং পরিবার পরিকল্পনা ভবন, রাজশাহীর সভাকক্ষে ড. কস্তুরী আমিনা কুইন, পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী মহোদয়ের সভাপতিত্বে সেমিনারটি সফল ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ড. জিন্নাত রেহানা, মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দাপ্তরিক কার্যক্রমে ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েব পোর্টালের সঠিক ব্যবহার এবং নিয়মিত তথ্য হালনাগাদের অপরিহার্যতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, প্রতিটি প্রতিষ্ঠানকে নিজ নিজ ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ রাখতে হবে। এর ফলে সেবাগ্রহীতারা সংশ্লিষ্ট অফিসের ওয়েবসাইট ভিজিট করেই প্রয়োজনীয় তথ্য ও অফিস সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারবেন। এছাড়াও, তিনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমুহে মা ও শিশু স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক ডেলিভারি এবং এমআর প্যাকসহ সকল তথ্য, ছবি এবং ভিডিও যথাযময়ে হালনাগাদ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। অত্যন্ত সময়োপযোগী এই সেমিনারটি আয়োজনের জন্য তিনি পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার আরিফুল ইসলাম। তিনি ওয়েব পোর্টালের বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি অংশগ্রহণকারীদের ওয়েব পোর্টালের প্রতিটি বক্স ও লিংকের ব্যবহার হাতে-কলমে প্রশিক্ষণ দেন এবং উপস্থিত সকলের প্রশ্নের উত্তর দেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ড. কস্তুরী আমিনা কুইন বলেন দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে ওয়েব পোর্টালের হালনাগাদ কার্যকর ব্যবহার অপরিহার্য। তিনি প্রত্যেক জেলার ওয়েব পোর্টাল হালনাগাদকরণের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরে এবং সহজ-সাবলীল ভাষায় সকল নির্দেশিকা উপস্থাপনের মাধ্যমে কার্যকর প্রশিক্ষণ প্রদানের জন্য আলোচককে আন্তরিক ধন্যবাদ জানান। আজকের এই প্রশিক্ষণমূলক সেমিনারটি কর্মকর্তাদের ‘ওয়েব পোর্টাল’ হালনাগাদের মাধ্যমে কারিগরি দক্ষতা বৃদ্ধি করবে এবং দাপ্তরিক কাজকে আরও সহজতর ও স্বচ্ছ করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে রাজশাহী বিভাগের আওতাধীন সকল জেলার উপপরিচালক (পরিবার পরিকল্পনা), সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা/সিসি), মেডিকেল অফিসার (সিসি), সরবরাহ কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এইচইডি, রাজশাহী এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।