, , ।
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কাষ্টডোব মাঠে নতুন ও উচ্চফলনশীল জাতের ‘সেন্টু পাইজাম-২১’ ধান চাষ করে সাফল্যের আশা দেখাচ্ছেন প্রান্তিক বর্গাচাষি বাবু। প্রচলিত জাতের তুলনায় কম খরচে বেশি ফলনের প্রত্যাশায় ১৩ বিঘা জমিতে এ ধানের আবাদ করেছেন তিনি। তাঁর জমিতে ধানের ফলন দেখে আগ্রহ বাড়ছে এলাকার অন্য কৃষকদের মধ্যেও।
ধান কাটার আগেই বীজ সংগ্রহের জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেক কৃষক। এ ছাড়া তাঁর ধান চাষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থান থেকে ফোন করে খোঁজখবর নিচ্ছেন অনেকে। বিষয়টি জানিয়েছেন কৃষক বাবু।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ২ হেক্টর জমিতে চাষ করা হয়েছে সেন্টু পাইজাম-২১ জাতের ধান।
দোনইল গ্রামের বর্গাচাষি বাবু জানান, অন্যের জমি বর্গা নিয়ে ১৩ বিঘা জমিতে এ ধানের আবাদ করেছেন তিনি। প্রতিটি জমিতেই ধানের ফলন প্রায় একই রকম হয়েছে। এত আশানুরূপ ফলন আগে কখনো পাননি। এবার বিঘাপ্রতি অন্তত ২৮ মণ ফলনের আশা করছেন তিনি। বাবু আরও জানান, বেগুনজোয়ার গ্রামের ফরিদুল হোসাইনের কাছ থেকে তিনি এ ধানের বীজ সংগ্রহ করেছেন।
ফরিদুল হোসাইন জানান, গত বছর অনলাইনে এ ধানের বিষয়ে জানতে পেরে কারাঙ্গীরচর থেকে ৫ কেজি বীজ সংগ্রহ করেন। পরে দুই বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে আবাদ করে বিঘাপ্রতি ২৮ মণ ফলন পান। সেই অভিজ্ঞতা থেকেই এবার বাবুকে পরীক্ষামূলকভাবে বীজ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে তাঁকে সহযোগিতা করেছেন। বাবুর সাফল্যে তিনি আনন্দিত।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, ‘সেন্টু পাইজাম-২১’ একটি উচ্চফলনশীল ধানের জাত। সেন্টু হাজাম নামে এক ব্যক্তি দেশীয় পাইজাম ও রঞ্জিত ধান থেকে সংকরায়ণের মাধ্যমে এ জাতটি উদ্ভাবন করেন। এ ধান চাষ করে বাবু এলাকায় সাড়া ফেলেছেন। আশা করি, তিনি লাভবান হবেন।