, , ।
রাবি প্রতিনিধি: নিরাপদ মাছ উৎপাদন সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং প্রক্রিয়াজাত মৎস্যপণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে ৩০ প্রজাতির দেশীয় মাছ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে মোট দুটি স্টল রয়েছে। যার একটিতে ‘রেডি টু কুক’ (রান্নার উপযোগী) এবং অন্যটিতে ‘রেডি টু ইট’ (খাওয়ার উপযোগী) মাছের ব্যবস্থা রাখা হয়েছে। প্রদর্শনীতে ইলিশ, আইড়, বাঘাড়, চিতল, কাতল, বোয়াল, টাকি, রিটা, কৈ, শোল, গুচি ও ঘাইড়সহ পদ্মা-যমুনা এবং চলনবিল থেকে আহরিত প্রায় ৩০ প্রজাতির দেশীয় মাছ প্রদর্শন করা হচ্ছে। এছাড়া ক্রেতাদের সুবিধার্থে পরিষ্কার, কাটা ও প্যাকেটজাত মাছের ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও রাখা হয়েছে।
মৎস্য চাষী কল্যাণ সমিতি, নাটোরের উদ্যোগে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের কারিগরি সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধনকালে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকের এই প্রদর্শনী একটি চমৎকার উদ্যোগ। আমি দেখতে পাচ্ছি, প্রাকৃতিক উৎস ও নদী থেকে এসব মাছ সংগ্রহ করা হয়েছে। এ ধরনের প্রক্রিয়াজাত পণ্য যদি হাতের কাছে পাওয়া যায়, তবে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন এবং তাদের জীবনযাত্রা সহজ হবে।’
আয়োজক সংগঠন নাটোর মৎস্য চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসান জাহিদ শিহাব বলেন, ‘দেশের প্রাকৃতিক উৎস থেকে আহরিত নিরাপদ মাছের বহুমুখী ব্যবহার এবং এর বাজার সম্প্রসারণের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। মাছকে বিভিন্ন প্রক্রিয়ায় ক্রেতাদের রান্না ও খাওয়ার উপযোগী করা হয়েছে।’
আয়োজনের মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি আরও বলেন, ‘দেশীয় মাছের একটি বড় বাজার রয়েছে এবং একে একটি সম্ভাবনাময় বাণিজ্যিক জায়গায় নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।’
‘রেডি ফিশ’-এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব বলেন, ’ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ পরিষ্কার, কাটা ও প্যাকেটজাত করে ‘রেডি টু কুক’ হিসেবে পৌঁছে দেয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে বিনা মূল্যে হোম ডেলিভারি সুবিধা। ক্রেতারা সরাসরি আমাদের স্টলে এসে পছন্দের পণ্য দেখতে ও সংগ্রহ করতে পারবেন।’