, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীর কিশোর রিকশাচালক শিহাব আলী (১৬) খুনের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে গোদাগাড়ীর জনসাধারণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্যরাও অংশ নেন।
বক্তব্য দেন শিহাবের বাবা সোহেল রানা, অ্যাডভোকেট সালাহউদ্দিন বিশ্বাস, স্থানীয় যুবদল নেতা নুর আলম সরকার, জনকল্যাণ প্রতিবন্ধী সংস্থার মহাসচিব নুর আলম ওয়াহিদ, ছাত্রদল নেতা ইমামিন মবিন প্রমুখ। তারা শিহাব হত্যার দ্রুত বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রিকশাচালক শিহাব হত্যাকান্ডের এক সপ্তাহ পরও পুলিশ কোনো রহস্য উদঘাটন করতে পারেনি। এটি হতাশাজনক। দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডের সঙ্গে জড়িতরা আইনের আওতায় না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ৩১ অক্টোবর উপজেলার কলিপুর এলাকার একটি ধানক্ষেত থেকে শিহাব আলীর মরদেহ উদ্ধার করা হয়। গত ২৭ অক্টোবর ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল সে। কলিপুরে তার মরদেহ পাওয়া গেলেও রিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, ধারণা করা হচ্ছে রিকশা ছিনিয়ে নিতে শিহাবকে হত্যা করা হয়েছিল। তবে এখনও রহস্য উদঘাটন সম্ভব হয়নি। তারা বিভিন্ন দিক মাথায় রেখেই তদন্ত করছেন। এরইমধ্যে কিশোর গ্যাং নেতা মিজানুর রহমান ওরফে মেজ বাবু নামে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।