সর্বশেষ সংবাদ :

বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে বিনামূল্যে চক্ষু শিবির ও যক্ষ্মা পরীক্ষা

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে আগামী সোমবার দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি যক্ষ্মা রোগ নির্ণয়ে বিনামূল্যে কফ পরীক্ষারও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ফাউন্ডেশন, গুলশান, ঢাকার আর্থিক সহযোগিতায় এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনায় এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই মহতী উদ্যোগের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষসহ সর্বস্তরের জনসাধারণ সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা, চশমা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে।শিবিরে যেসব রোগীর ছানি শনাক্ত হবে, তাঁদের নওগাঁ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। অপারেশনের পাশাপাশি রোগীদের বিনামূল্যে বিদেশি লেন্স স্থাপন, ওষুধ, কালো চশমা, যাতায়াত, খাবার ও থাকা- খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। (অপারেশনের জন্য আসার সময় রোগীদের অবশ্যই বাড়ির মোবাইল ফোন নম্বর সঙ্গে রাখতে হবে)।
ব্র্যাকের সহযোগিতায় শিবিরে বিনামূল্যে কফ পরীক্ষার ব্যবস্থা থাকবে। যাদের টানা দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি, বিকেল বা রাতে হালকা জ্বর, বুকে ব্যথা, ক্ষুধামন্দা, ওজন কমে যাওয়া, সামান্য পরিশ্রমে হাঁপিয়ে ওঠা কিংবা কাশির সঙ্গে রক্ত যাওয়ার মতো উপসর্গ রয়েছে, তাঁরা এখানে কফ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবেন।
এই চিকিৎসা শিবিরের আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করছে রহমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, প্রজন্ম ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, প্রজন্মের মেলা, প্রজন্ম পাঠাগার, প্রজন্ম রিডস, প্রজন্ম বিজ্ঞান-বিতর্ক ও ল্যাংগুয়েজ ক্লাব, প্রজন্ম অ্যাসোসিয়েটস, বাংলাদেশ সাংবাদিক-সম্পাদক পরিষদ (বাসাস), প্রজন্ম সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং প্রগতিশীল শিক্ষা পরিষদ (প্রশিপ) ও বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স (বিএসএ)। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সাপ্তাহিক প্রজন্মের আলো ও প্রজন্ম টিভি।
স্থানীয় আয়োজকদের পক্ষে শিক্ষক নেতা ও সমাজকর্মী অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য নাগরিকের মৌলিক অধিকার। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসা এবং যক্ষ্মা শনাক্তকরণের সুযোগ পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। তিনি চোখের চিকিৎসা ও ব্যয়বহুল ছানি অস্ত্রোপচারের এই সুযোগ কাজে লাগাতে বান্দাইখাড়াসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে শিবিরে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে যক্ষ্মার উপসর্গযুক্ত ব্যক্তিদেরও বিনামূল্যে কফ পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন তিনি।


প্রকাশিত: November 7, 2026 | সময়: 1:38 am | সুমন শেখ