দুর্গাপুরে সরকারি নির্দেশনায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
জুবায়ের তুহিন, রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুরে সরকারি নির্দেশনা ও জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিশু-কিশোরদের নিয়ে এক আনন্দদায়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৬০ জন শিশু-কিশোর উৎসাহের সাথে অংশগ্রহণ করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় ক ও খ—এই দুটি গ্রুপে বিভিন্ন বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিভা মূল্যায়ন করা হয়। এর মধ্যে শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিশুদের জন্য বিষয় ছিল ‘জাতীয় পতাকা’ এবং তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছিল ‘জাতীয় স্মৃতিসৌধ’। কোমলমতি শিশুরা তাদের কল্পনার রঙে অত্যন্ত সুন্দরভাবে ক্যানভাসে ফুটিয়ে তোলে জাতীয় প্রতীকগুলো।
প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আল মামুন, একে মাহবুব হাসান এবং মোহাম্মদ খলিলুর রহমান শেখ। বিচারকগণ শিশুদের আঁকা ছবিগুলো অত্যন্ত নিপুণভাবে মূল্যায়ন করেন।
উপজেলার এই শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।