, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীচ্ছলাম চৌধুরী ও অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও পাঁচ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার কাপাশিয়াপাড়া এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম।
গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে দাখিল করা অভিযোগে তিনি দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন। একই অভিযোগের অনুলিপি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক, রাজশাহী জেলা প্রশাসক ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগে আরিফুল ইসলাম উল্লেখ করেন, তাঁর বাবা আবুল কাশেম ১৯৭৭ সালে রাজশাহীর সাবজজ আদালতে ৩৮১/১৯৭৭ নম্বর অঃ প্রঃ মামলা দায়ের করেন। ওই মামলায় ১৯৭৮ সালের ১৩ ডিসেম্বর আদালতের ১২ নম্বর আদেশে তাঁর বাবা ডিক্রি লাভ করেন। পরবর্তী সময়ে গোদাগাড়ী ভূমি অফিসের ২৩/ঢওওও/৭৮ নম্বর মিসকেসের মাধ্যমে ১৪৩ ধারায় প্রস্তাবিত খতিয়ান প্রস্তুত ও অনুমোদন করা হয়।
অভিযোগ অনুযায়ী, ওই খতিয়ানের নম্বর ২/১ এবং হোল্ডিং নম্বর ২৪০। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ৪৮ নম্বর নলিগ্রাম মৌজায় ৬৩৮, ৭৫১, ৭৫৬, ৭৬৬, ৭৬৮, ৭৭৪, ৭৮৩, ৭৮৪, ৭৯৯, ৭৮৮ ও ৫৬৯ নম্বর দাগে মোট ৪ দশমিক ৭৫ একর জমি রয়েছে। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে ওই জমির খাজনা পরিশোধ করা হচ্ছিল এবং ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত খাজনা পরিশোধের রসিদও রয়েছে।
আরিফুল ইসলামের অভিযোগ, সম্প্রতি গোদাগাড়ীর সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীচ্ছলাম চৌধুরী যোগদানের পর বিবিধ মামলা করা হয়। মামলাটি চলমান থাকা অবস্থায় হোল্ডিং নম্বর ২৪০-এর প্রজাদের যথাযথ নোটিশ দিয়ে শুনানি না করেই গত ১ অক্টোবর ওই হোল্ডিংয়ের জমির ভূমিসংক্রান্ত কার্যক্রম স্থগিত এবং অনলাইনে খাজনা আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, ২৪৮৬/২০০৯ নম্বর সিভিল রিভিশন মামলা চলমান থাকার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিযোগকারীর দাবি, ওই রিভিশন মামলাটি ২০১১ সালের ২৬ ও ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে শুনানি শেষে আউট হয়ে যায়। এ ছাড়া ২৪৮৬/২০০৯ নম্বর রিভিশন মামলাটি তাঁর বাবার ৩৮১/১৯৭৭ নম্বর মামলার ডিক্রির বিরুদ্ধে দায়ের করা হয়নি। বরং ৯২/১৯৯৮ নম্বর মামলার আদেশের বিরুদ্ধে ওই রিভিশন করা হয়েছিল।
অভিযোগকারীর আরও দাবি, বিবিধ মামলার বাদী হামিদুজ্জামান হলেও ২৪৮৬/২০০৯ নম্বর সিভিল রিভিশন মামলার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। এ অবস্থায় সংশ্লিষ্ট আদালতের কার্যকর কোনো আদেশ ছাড়াই ২৪০ নম্বর হোল্ডিংয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে ভূমি অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমানের বিরুদ্ধে। আরিফুল ইসলামের দাবি, হোল্ডিংয়ের কার্যক্রম স্থগিত হওয়ার পর তাঁকে লোক মারফত ভূমি অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে একান্তে কথা বলার সময় শাহিনুর রহমান হোল্ডিংয়ের কার্যক্রম পুনরায় চালু করে দেওয়ার বিনিময়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে হোল্ডিংয়ের কার্যক্রম বন্ধই থাকবে বলে তাঁকে জানানো হয়।
অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীচ্ছলাম চৌধুরীর পূর্ববর্তী কর্মস্থল চারঘাট উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালনকালেও অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী আরিফুল ইসলাম বলেন, আদালতের ডিক্রি, অনুমোদিত খতিয়ান ও নিয়মিত খাজনা পরিশোধের কাগজপত্র থাকার পরও তাঁদের হোল্ডিংয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে জমির খাজনা পরিশোধসহ ভূমিসংক্রান্ত কাজে তাঁরা জটিলতায় পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভূমি অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমান জানান যে, তিনি মাত্র দুই মাস হলো এই উপজেলায় যোগদান করেছেন। ব্যক্তিগতভাবে ডেকে টাকা দাবির যে অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে তিনি বলেন যে তিনি ওই ব্যক্তিকে চেনেনই না এবং এ ধরনের কোনো কথাই হয়নি। হোল্ডিং কেন হঠাৎ বন্ধ করা হলো-এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু না বলে জানান যে, এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি এসিল্যান্ড স্যারের সাথে কথা বলুন।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীচ্ছলাম চৌধুরীর জানান, যে জমিটি নিয়ে অভিযোগ তোলা হয়েছে, সেটি মূলত সরকারি খাস জমি এবং সর্বশেষ আরএস রেকর্ডেও তা সরকারের নামেই প্রকাশিত রয়েছে। সরকারি জমির ক্ষেত্রে হোল্ডিং বন্ধ বা স্থগিত করার জন্য পৃথকভাবে কোনো শুনানির প্রয়োজন পড়ে না। তিনি আরও জানান, জমিটি নিয়ে আদালতে মামলা ও আইনি বিরোধ (উরংঢ়ঁঃব) চলমান রয়েছে। মূলত জমিটির অবৈধ হস্তান্তর বা বিক্রি রোধ করতে এবং অনিয়মিতভাবে খাজনা প্রদান বন্ধ রাখতেই এর হোল্ডিং কার্যক্রম স্থগিত করা হয়েছে, যা কোনোভাবেই বাতিল বা খারিজি নয়। এছাড়া সহকারী কমিশনারের নাম জড়িয়ে ৫ লাখ টাকা দাবির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছাড়া আর কিছু নয়।