সর্বশেষ সংবাদ :

সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, শাহজাদপুর থেকে জামিন

শাহজাদপুর প্রতিনিধি: স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় নিয়ে পাবনা, রাজবাড়ী ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন চরমপন্থী সংগঠনের ৬৫ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন।
গত রোববার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে এই আত্মসমর্পণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসআরবি-১২-এর দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসমর্পণকারী ৬৫ জনের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন এবং সিরাজ জেলার ৭ জন সদস্য রয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর শাহজাদপুর থানায় ওই ৬৫ জন সর্বহারা সদস্যের বিরুদ্ধে একটি মামলা (জিআর ৩১৭/২৬) দায়ের করা হয়েছিল। এরপর তাঁরা এসআরবি-১২-এর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণের পথ বেছে নেন।
পরবর্তীতে গতকাল সোমবার সকালে তাঁদের শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক মো. মোসলেম উদ্দিন মামলার শুনানি শেষে প্রত্যেকের ৫০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। এর ফলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ পেলেন।


প্রকাশিত: November 3, 2026 | সময়: 6:13 am | সুমন শেখ

আরও খবর