সর্বশেষ সংবাদ :

ভোলাহাটে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগ

ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জামবাড়ীয়া ইউনিয়নে অস্তিত্বহীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে সার ডিলারশিপ দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, যে প্রতিষ্ঠানের নামে ডিলারশিপ দেওয়া হয়েছে, এলাকায় সেই প্রতিষ্ঠানের কোনো দৃশ্যমান দোকান বা ব্যবসায়িক কার্যক্রম নেই। অথচ সরকারি সার ডিলার নিয়োগের জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি থেকে পাঠানো জেলা কমিটিরি সুপারিশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকায় স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির নাম ‘জারা-ফারা এগ্রো’। এর মালিক জামবাড়ীয়া ইউনিয়নের হেলাচী গ্রামের টুটুল মিয়া। স্থানীয়দের দাবি, তাঁর এলাকায় কোনো দৃশ্যমান ব্যবসাপ্রতিষ্ঠান নেই। এ ছাড়া তিনি রাজশাহীতে বসবাস করেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই তাঁকে ডিলারশিপ দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, জারা-ফারা এগ্রো নামে কোনো দৃশ্যমান সাইনবোর্ড বা কৃষি উপকরণ বিক্রির কার্যক্রম চোখে পড়েনি। সার সংরক্ষণের গুদাম হিসেবে উল্লেখ করা বড়গাছী বাজারের ঠিকানায় গিয়ে দেখা যায়, সেখানে ‘মেসার্স মা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির মালিক আরিফুল ইসলাম লালটু। আরিফুল ইসলাম লালটু বলেন, ছয় বছর ধরে টুটুল মিয়ার বাবার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে আমি ব্যবসা করছি।
বড়গাছী বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিঠু জানান, টুটুল মিয়ার স্ত্রীর চাকরির সুবাদে তিনি রাজশাহীতে বসবাস করেন এবং মাঝেমধ্যে এলাকায় আসেন। বাজারে ওই নামে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নেই এবং সার ব্যবসার সঙ্গেও তাঁর আগে কোনো সম্পৃক্ততা ছিল না। তাঁর এ প্রতিষ্ঠানের নামে বাজারের তালিকায় তার নাম নাই। তিনি বাজার পাহারাদারের বেতন বাবদ কোন অর্থ প্রদান করেন না। এছাড়াও বাজার কমিটির সাথে তার কোন প্রকার সম্পৃক্ততা নাই।
স্থানীয়দের প্রশ্ন, সার ব্যবসার সঙ্গে দৃশ্যমান সম্পৃক্ততা না থাকা এবং এলাকায় প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে না পাওয়ার পরও কীভাবে জারা-ফারা এগ্রোর নামে ডিলারশিপ দেওয়া হলো? তাঁদের মতে, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি, যাতে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য আবেদনকারীরা সুযোগ পান এবং কৃষকেরা সহজে সার সংগ্রহ করতে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আবেদনকারী অভিযোগ করেন, সরকারি শর্ত পূরণ করে সার ডিলারশিপের জন্য আবেদন করলেও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হয়নি। তিনি ডিলার নিয়োগের বিষয়টি পুনরায় তদন্ত, কাগজপত্র যাচাই-বাছাই এবং অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মান্নু মোড়ের ‘মেসার্স মাহী এন্টারপ্রাইজ’-এর মালিক মেহেদী হাসান অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন ধরে সার ও কীটনাশক বিক্রি করে আসছি। ডিলারশিপের জন্য আবেদন করলে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা আমার দোকানে আসেন এবং গুদামঘর মাপজোখ করেন। সবকিছু ঠিক থাকার পরও তালিকায় আমার নাম নেই। অথচ যার কোনো দৃশ্যমান প্রতিষ্ঠানই নেই, তিনি সার ডিলারশিপ পেয়েছেন।
জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, আমাদের জানা মতে, তাঁর এলাকায় কোনো দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠান নেই। তিনি রাজশাহীতে বসবাস করেন এবং মাঝেমধ্যে এলাকায় আসেন। এমন অবস্থায় তিনি কীভাবে সার ডিলারশিপ পেয়েছেন, তা আমাদের জানা নেই।
জারা-ফারা এগ্রোর ট্রেড লাইসেন্স ও প্রতিষ্ঠানের ঠিকানা সম্পর্কে জানতে টুটুল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স করে সার ডিলারশিপের জন্য আবেদন করেছি। সার্কুলারে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন করেই ডিলারশিপ পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আমি এখন বাইরে আছি। ফোনে কথা না বলে সামনাসামনি কথা বলব।
এ বিষয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী বলেন, নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করে ঐ ইউনিয়নের তিনজনের নাম পাঠিয়েছিলাম। মন্ত্রণালয় টুটুল মিয়াকে চূড়ান্ত নিয়োগ দিয়েছে।
ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ছাড়া, হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।


প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬ | সময়: ৫:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর