রাবি স্কুলের বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের বার্ষিক পুরস্কার প্রদান বুধবার সকাল সাড়ে ৯টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আকতার বানুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ড. ফজলুল হক তুহিন স্বাগত বক্তব্য দেন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আমিনুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের অধিকারী শিক্ষার্থীদের চ্যান্সেলর-এর পুরস্কার, কৃতী শিক্ষার্থী পুরস্কার, উপাচার্য-এর পুরস্কার, মেধা পুরস্কার, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার, চৌকশ শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হয়। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম শিক্ষার্থীদের এসব পুরস্কার প্রদান করেন।
উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম অনুষ্ঠানে তাঁর বক্তব্যে পুরস্কারপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আগামীতে তাদের কৃতিত্বের ধারা বজায় রাখার আহ্বান জানান। তিনি প্রতিযোগিতার মনোভাব নিয়ে শিক্ষার্থীদের অধ্যাবসায় ও অনুশীলনের পরামর্শ দেন। মানসিক উন্নয়নের জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি চর্চাও করতে বলেন।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের কৃতিত্ব অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন। তিনি আজকের এই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: October 15, 2026 | সময়: 4:53 am | সুমন শেখ

আরও খবর