সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে পর্দা নামল জুনিয়র টেনিসের

স্পোর্টস রিপোর্টারঃ রাজশাহীতে পর্দা নামলো ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের। রাজশাহী টেনিস কমপ্লেক্সে আয়োজিত ছয় দিনের এই আসরে চারটি ইভেন্টে ছয়জন খেলোয়াড় চ্যাম্পিয়ন হয়েছেন।
ছেলেদের এককে থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল এবং দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চাইনিজ তাইপের জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি। মেয়েদের এককে চীনের জিমো সঙ এবং দ্বৈতে একই দেশের সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি শিরোপা জিতেছেন।
রাজশাহী টেনিস কমপ্লেক্সে শনিবার (১০ অক্টোবর) সকালে ছেলেদের একক ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্ট। এতে চাইনিজ তাইপের জিচে চেনকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন লিকুল পার্টচারাপুল। প্রথম সেটে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সেটেও প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে জয় নিশ্চিত করেন থাইল্যান্ডের এই খেলোয়াড়।
টুর্নামেন্টের ম্যাচ রেফরি জয় মুখার্জী বলেন, ‘ফাইনালে ওঠা দুই খেলোয়াড়ই ভালো মানের। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে তাঁরা ফাইনালে জায়গা করে নিয়েছেন। ফাইনালেও তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। লিকুল পুরো টুর্নামেন্টে ভালো খেলেছেন। ফাইনালেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা জিতেছেন।’
ছেলেদের এককে রানার্সআপ হলেও দ্বৈতে শিরোপা জিতেছেন চাইনিজ তাইপের জিচে চেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত ছেলেদের দ্বৈত ফাইনালে জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি ভারতের শিব মোহন ও আরভ ছাল্লানিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফলে এককে রানার্সআপ হলেও দ্বৈতে শিরোপা জিতে টুর্নামেন্ট শেষ করেছেন জিচে চেন। দ্বৈত ফাইনাল নিয়েও সন্তোষ প্রকাশ করেন টুর্নামেন্টের ম্যাচ রেফরি জয় মুখার্জী।
শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, টুর্নামেন্ট পরিচালক হাসিনুর রহমান টিংকু, রাজশাহী টেনিস কমপ্লেক্সের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, মিডিয়া কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন প্রমুখ।


প্রকাশিত: October 11, 2026 | সময়: 6:44 am | সুমন শেখ

আরও খবর