মিলার ঝড়ে কুপকাত অস্ট্রেলিয়া, সিরিজ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক: শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম বলেই ফিরলেন এইডেন মার্করাম। এরপর ঘুরে দাঁড়ালেন টেম্বা বাভুমা, আর শেষ দিকে ঝড় তুললেন ডেভিড মিলার। দুই সেঞ্চুরিতে ৩৬৫ রানের পাহাড় গড়ার পর অস্ট্রেলিয়ার দুর্দান্ত শুরুও সামলে নিল দক্ষিণ আফ্রিকা।
ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩২ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পিংক ডে’তে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম বলেই সাফল্য পায় অজিরা। জশ হেইজেলউডের বলে কুপার কনোলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্করাম। পরে কুইন্টন ডি ককও হেইজেলউডের শিকার হলে ৩৬ রানে ২ উইকেট হারায় স্বাগতিকেরা।
সেখান থেকে বাভুমা ও ম্যাথু ব্রিটজকের জুটিতে সামলে ওঠে দক্ষিণ আফ্রিকা। ব্রিটজকে ৩৪ রানে ফিরলেও অধিনায়ককে থামানো যায়নি। ১১৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৩ রান করেন বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষেই ২০২৩ সালের পর ওয়ানডেতে আবার সেঞ্চুরি পেলেন তিনি।
সেখান থেকে ম্যাচটা নিজের করে নেন মিলার। বাভুমার সঙ্গে তাঁর ১৫৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। সেঞ্চুরি করতে মিলারের লাগে মাত্র ৭৩ বল। এরপর যেন আরও ভয়ংকর হয়ে ওঠে তাঁর ব্যাট। শেষ পর্যন্ত ৯৩ বলে ১৪২ রান করেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ১২ চার ও ৯ ছক্কায়। এটি এই বাঁহাতি বযাটসম্যানের ক্যারিয়ারসেরা ওয়ানডে স্কোর। আগের সেরা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষেই, ২০১৮ সালে ১৩৯।
শেষ ১০ ওভারে ১০০ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রান তোলে তারা। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা জ্যাক এডওয়ার্ডস ৫ উইকেট নিলেও মিলারের ঝড় থামাতে পারেননি। ৩৬৬ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার শুরুটাও ছিল পাল্টা জবাবের মতো। মিচেল মার্শ ও ট্রাভিস হেডের উদ্বোধনী জুটিতে ১৩০ রান আসে। পাওয়ারপ্লেতেই ৭৭ রান তুলে ফেলে তারা। দুজনই শেষ পর্যন্ত ৮৪ রান করেন। মার্শের ৫৩ বলের ইনিংসে ছিল ১০ চার ও ৫ ছক্কা, হেড মেরেছেন ১২ চার ও ১ ছক্কা।
কিন্তু ১৩০ থেকে ২৪১, এই ১১১ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট। মার্শকে ৮৪ রানে ফেরান বিজর্ন ফোরটিন। এরপর মার্করামের বলে হেডের বিদায়ে ভেঙে যায় অস্ট্রেলিয়ার মেরুদণ্ড। কেশব মহারাজ ও ফোরটিনও নিয়মিত উইকেট তুলে চাপ বাড়ান। তবু শেষ দিকে হাল ছাড়েনি অস্ট্রেলিয়া। জাভিয়ের বার্টলেট মাত্র ২৬ বলে ফিফটি তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেন। জ্যাক এডওয়ার্ডসের সঙ্গে তাঁর জুটি অস্ট্রেলিয়াকে ৩০০ পেরিয়ে নেয়। কিন্তু শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ৩৩৩ রানে অলআউট হয় তারা। লিজাড উইলিয়ামস নেন ৩ উইকেট।
প্রথম ম্যাচে ৬৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৩২ রানে হার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত দক্ষিণ আফ্রিকার।


প্রকাশিত: September 29, 2026 | সময়: 7:28 am | সুমন শেখ

আরও খবর