সর্বশেষ সংবাদ :

৬২৬ রানের থ্রিলারে ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: শেষ দুই ওভারে দরকার ২০। উইকেটে দুই মারকুটে ব্যাটার জস বাটলার আর উইল জ্যাকস, দুজনই তখন সেট। তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। সেখান থেকে ম্যাচ বের করে নিলো শ্রীলঙ্কা। লিডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানের জয় তুলে নিয়েছে লঙ্কানরা।
প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩২১ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ৯ উইকেটে ৩০৫ রানে থামে ইংল্যান্ড। ৬২৬ রানের থ্রিলারে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা। রানপ্রসবা উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কা। দলের জয়ে বড় অবদান রাখেন কুশল মেন্ডিস। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন তিনি। তার ১০০ বলে ১৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১২১ রানের ইনিংসের ওপর ভর করে বড় সংগ্রহের ভিত গড়ে শ্রীলঙ্কা।
কুশলকে ভালোভাবে সঙ্গ দেন কামিন্দু মেন্ডিস। তিনি করেন ৫৪ রান। এ ছাড়া পাভান রাথনায়েকে ৪৮, জানিথ লিয়ানাগে ৩২ এবং পাথুম নিসাঙ্কা ২৫ রান করেন। জবাবে ইংল্যান্ড শুরুতে দারুণভাবে রান তাড়া করছিল। টম ব্যান্টন (৬২ বলে ৭৩) আর বেন ডাকেট (৬৩ বলে ৬৭) মারকুটে ওপেনিং জুটি শ্রীলঙ্কার জন্য বড় হুমকি হয়ে ওঠে। এরপর জস বাটলারের (৪৯ বলে ৬৯) আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের দিকে নিয়ে যাচ্ছিল। শেষ দিকে উইল জ্যাকসও (৬১ বলে ৫২) লড়াই চালিয়ে যান।
তবে মাঝের ও শেষ ওভারে বল হাতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। বিশেষ করে দুনিথ ওয়েলালাগের স্পিনে চাপে পড়ে ইংল্যান্ড। তিনি ৪৯ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ের পথ তৈরি করেন। দুটি করে উইকেট নেন ইশান মালিঙ্কা এবং দিলশান মাদুশঙ্কা।


প্রকাশিত: September 26, 2026 | সময়: 7:10 am | সুমন শেখ