সর্বশেষ সংবাদ :

বাগাতিপাড়ায় পুকুরপাড়ে শার্ট স্যান্ডেল, পানিতে মিলল ভিডিপি সদস্যের মরদেহ

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে শাহজাহান আলী (৫৩) নামে এক আনসার ভিডিপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চককোয়ালিপাড়া এলাকার আব্দুল খালেকের পুকুর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত শাহজাহান আলী চককোয়ালিপাড়া গ্রামের মৃত নাদের আলীর ছেলে। তিনি আনসার ভিডিপির সদস্যের পাশাপাশি একটি গভীর নলকূপ পরিচালনা করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আসর নামাজের সময় বাড়ি থেকে বের হন শাহজাহান আলী। রাত ১১টার দিকে তিনি কয়েকজনের সঙ্গে কোয়ালিপাড়া গ্রামের একটি পুকুরপাড়ে বসে মুড়ি মাখিয়ে খান। পরে সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
শনিবার সকালে পুকুরের মালিক আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম পুকুরে গেলে আমগাছের সঙ্গে শাহজাহানের শার্ট ও পাশে তার স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে শাহজাহানের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের বাড়িতে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার ওই পুকুরে অবাঞ্ছিত মাছ নিধনের জন্য গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছিল। এরপর পুকুরে মাছ মরে ভেসে ওঠে। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে শাহজাহান মরা মাছ তুলতে গিয়ে পানিতে পড়ে ডুবে মারা যেতে পারেন বলে স্থানীয়দের ধারণা।
নিহতের ছেলে আসিফ আলী বলেন, তার বাবা বেশিরভাগ সময় পাশের গ্রামে থাকতেন। শুক্রবার বিকেলেও তিনি বাড়ি থেকে সেখানে যান। সকালে খবর পেয়ে চাচাদের সঙ্গে নিয়ে পুকুর থেকে বাবার মরদেহ উদ্ধার করেন। তার বাবার কারও সঙ্গে শত্রুতা বা আর্থিক লেনদেন ছিল না। পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মরা মাছ তুলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পরিবারের ধারণা।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।


প্রকাশিত: September 20, 2026 | সময়: 3:48 am | সুমন শেখ

আরও খবর