, , ।
স্পোর্টস ডেস্ক: টেস্টের স্ট্যাটাস তো চীনের নেই। আর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে ১০৪টি দেশকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দিয়েছে, তাদের মধ্যে চীন আছে ঠিকই; তবে অবস্থান অনেক পেছনে। সে যা-ই হোক, ক্রিকেটের প্রসারের স্বার্থে আইসিসি এবার চীনকে ‘টার্গেট’ করেছে।
বিপুল জনসংখ্যার কারণেই যে চীনের দিকে আইসিসির নজর, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। ১৪৮ কোটি জনসংখ্যার দেশ হওয়ায় ক্রিকেটের প্রবৃদ্ধিতে ভারতের অবদান অনেক বেশি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনেক সময় প্রভাবও খাটায় আইসিসির ওপর। এখন যদি চীন যুক্ত হয়, তাহলে ক্রিকেট আরও বেশি প্রসারিত হবে।
ক্রিকেটে সব মিলিয়ে ভক্তসংখ্যা এক বিলিয়ন তথা ১০০ কোটির বেশি। যার প্রায় ৯০ শতাংশই দক্ষিণ এশিয়ায়। এবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আরও ৫০ কোটি ভক্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৪০ কোটি জনসংখ্যার চীনকে সম্ভাবনাময় একটি বিশাল বাজার হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘চীনের নারী দলের ধারাবাহিক সাফল্য দেশটিতে ক্রিকেটের জন্য বড় ধরনের উৎসাহ তৈরি করেছে।’
২০২২ সালের হাংঝু এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজন ও দেশটির নারী জাতীয় দলের অগ্রগতির পর চীন আইসিসির কাছে একটি গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে। গত দুই বছরে চীনের নারী দল বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছে। নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চীন এখন অবস্থান করছে ৩৬ নম্বরে।
বাংলাদেশ সময় গতকাল সকাল ৬টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-চীন নারী এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে উঠেছিল রোদও। কিন্তু হলো না একটা বলও। কারণ, বৃষ্টিতে মাঠের আউটফিল্ডের যে অবস্থা হয়েছিল, পরে তা আর শুকোয়নি। ম্যাচ কর্মকর্তারা তাই বাধ্য হয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন। তাতেই নিশ্চিত হয়ে গেল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের সেমিফাইনাল। কারণ, ১৯৬ রেটিং পয়েন্ট নিয়ে নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে। ৩৬ নম্বরে থাকা চীনের রেটিং পয়েন্ট ৫০।