, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে কয়েক খণ্ড হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেচের মোড়ের বেলার রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরনে জিন্সের প্যান্ট ছিল। ঘটনাস্থলের পাশে এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানান, সকাল থেকে ওই ব্যক্তিকে রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তিনি কেচের মোড়ের একটি চায়ের দোকানে গিয়ে পানি পান করেন। এরপর রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন আক্কেলপুর স্টেশন অতিক্রম করে বেলার গেট এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি কয়েক খণ্ড হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নাহিদ হোসেন নামে এক পথচারী বলেন, ‘লোকটি রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল। এরপর ট্রেন আসার পর দুর্ঘটনাটি ঘটে।’
আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছেন। আক্কেলপুর স্টেশন থেকে সকাল ১০টা ২৫ মিনিটে তিতুমীর এক্সপ্রেস ছেড়ে যায়। ওই ট্রেনেই তিনি কাটা পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার বয়স ৪০ বছরের মতো হতে পারে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।