সর্বশেষ সংবাদ :

শিশুর সার্বিক বিকাশে আঞ্চলিক প্রচার ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: শিশুর সুস্থ ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, প্রারম্ভিক শৈশব বিকাশে অগ্রগতি হলেও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ঘাটতির কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হচ্ছে।
বুধবার নগরীর একটি হোটেলে ‘ক্যাটালাইজিং হোল চাইল্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: দ্য ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক আঞ্চলিক প্রচার ও মতবিনিময় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম বলেন, শিশুদের স্বাভাবিক ও মানবিক বিকাশের জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। শিশুদের প্রয়োজনীয় সময় ও যত্ন দেওয়ার বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে।
বিশেষ অতিথি রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার বলেন, শিশুর সুষ্ঠু বিকাশে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি পারিবারিক সচেতনতা জরুরি। কর্মশালায় বক্তারা বলেন, শিশুর প্রারম্ভিক বিকাশের সঙ্গে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা এবং সামাজিক ও মানসিক বিকাশ ওতপ্রোতভাবে জড়িত। জীবনের প্রথম কয়েক বছরে সঠিক যত্ন নিশ্চিত করা গেলে শিশুর ভবিষ্যৎ শিখন সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বাড়ে। আলোচনায় ইতিবাচক অভিভাবকত্ব, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, প্রাক-প্রাথমিক পর্যায়ে মাতৃভাষার ব্যবহার, কমিউনিটি সেন্টারের ভূমিকা এবং বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয় উঠে আসে। দিনব্যাপী কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাবিদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


প্রকাশিত: September 10, 2026 | সময়: 4:21 am | সুমন শেখ