, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাও ইয়ামাদা। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপাচার্যের দপ্তরে সাক্ষাৎ পর্বের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাও ইয়ামাদার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় তাঁরা গুনমা বিশ্ববিদ্যালয় ও রুয়েটের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে রুয়েট উপাচার্য জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে রুয়েটের বিদ্যমান ও সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন। বিশেষ করে যৌথ গবেষণা, যৌথ প্রকল্প গ্রহণ, শিক্ষক ও গবেষক বিনিময়, শিক্ষার্থী বিনিময়, যৌথ সেমিনার ও সম্মেলন আয়োজন সহ আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক গবেষণায় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য বলেন, জাপান প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে বিশ্বের অন্যতম অগ্রসর দেশ। বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার উন্নয়নে জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুয়েট ভবিষ্যতে জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি একাডেমিক ও গবেষণা অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।
জাপানি অধ্যাপক ড. কাও ইয়ামাদা রুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। তিনি যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে রুয়েট ও জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, সিভিল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভুঁইয়া, গুনমা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ কামাল ও নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল সিয়াম।