, , ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: পরিচ্ছন্ন ও সুন্দর পুঠিয়া গড়ার প্রত্যয়ে পৌরসভা ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। শনিবার ১৫ আগস্ট সকাল ১১টা থেকে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কর্মসূচি শুরু হয়।
অভিযানে পুঠিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় যুবসমাজ ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
শুধু ময়লা পরিষ্কার করেই থেমে থাকেননি স্বেচ্ছাসেবীরা। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদেরও সচেতন করেন তাঁরা। তাঁদের আহ্বান, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা এবং নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখা।
আয়োজকেরা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব নয়। পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠন, যুবসমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত এ ধরনের কর্মসূচি চললে পুঠিয়াকে আরও সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তোলা সম্ভব।
পৌর প্রশাসক শিবু দাশ বলেন, ‘পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচি নয়। নিজেদের চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার উদ্যোগ থাকবে।’
এদিনের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী ও স্থানীয় যুবকদের ধন্যবাদ জানান আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে এ উদ্যোগ নিয়মিত কার্যক্রমে রূপ নেবে এবং পরিচ্ছন্ন পুঠিয়া গড়তে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে। পরিচ্ছন্ন পুঠিয়া, সুন্দর পুঠিয়া এটাই হোক সবার অঙ্গীকার।