সর্বশেষ সংবাদ :

সাফের আগে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ, ডুলির সঙ্গী হচ্ছেন ৩ বিদেশি

স্পোর্টস ডেস্ক: হাভিয়ের কাবরেরার বিদায়ের পর জাতীয় দলের রিমোট কন্ট্রোল হাতে নিয়েই বাজিমাত করেছেন টমাস ডুলি। তার অধীনে সান ম্যারিনোকে ২-১ গোলে হারিয়ে নতুন এক বাংলাদেশেরই যেন দেখা মিলেছে।
তবে ডুলির আসল পরীক্ষা আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে। আর এই মেগা আসরকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের ডাগআউটকে ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ডুলির রণকৌশল বাস্তবায়নে তার কোচিং প্যানেলে যুক্ত করা হচ্ছে নতুন তিন ভিনদেশি কোচকে। বাফুফে সূত্রে জানা গেছে, নতুন এই তিনজনের মধ্যে একজন সামলাবেন গোলবার সামলানোর কৌশল, বাকি দুজন কাজ করবেন সহকারী কোচ হিসেবে।
বাংলাদেশের গোলরক্ষকদের আরও ক্ষিপ্র করে তোলার দায়িত্ব নিতে ঢাকায় আসছেন জার্মানির ক্রিস্টিয়ান বারবুচাক। ৪৯ বছর বয়সী এই কোচের সিভিতে রয়েছে কাজাখস্তান জাতীয় দলের (২০১১-১২ মৌসুম) গোলকিপিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা। নিজের খেলোয়াড়ি জীবনে জার্মানি ও স্লোভাকিয়ার হয়ে মাঠ মাতানো বারবুচাক ২০০৩ সাল থেকে কোচিং পেশায় যুক্ত। সর্বশেষ অস্ট্রেলিয়ার শীর্ষ লিগের দল পার্থ এফসির হয়ে কাজ করেছেন তিনি। এবার তার টোটকাতেই সাফের জন্য নিজেদের প্রস্তুত করবেন মিতুল মারমা ও শ্রাবণরা।
ডুলির সহকারী হিসেবে যারা আসছেন, তাদের প্রোফাইলও বেশ বৈচিত্র্যময়। প্রথমজন ভিয়েতনামের এনগুয়েন হোয়াং ল্যান। এএফসির ‘সি’ লাইসেন্সধারী এই কোচ এর আগে কাজ করেছেন গায়ানা জাতীয় দলের সহকারী হিসেবে। সর্বশেষ নিজ দেশের দ্বিতীয় স্তরের ক্লাব ব্যাচ নিন এফসিতেও একই ভূমিকায় ছিলেন তিনি। তবে সবচেয়ে বড় চমক সম্ভবত জার্মানির রেনার্ড কার্ল স্টাম্ফ।
৬৪ বছর বয়সী এই প্রবীণ কোচ খেলোয়াড়ি জীবনে সেন্টার-ব্যাক হিসেবে মাঠ মাতিয়েছেন গালাতাসারাই ও এফসি কোলনের মতো নামিদামি ক্লাবে। উয়েফা প্রফেশনাল লাইসেন্সধারী স্টাম্ফের কোচিং ক্যারিয়ার বেশ ওজনদার; সৌদি আরবের আল শাবাব কিংবা আল ইত্তিফাকের মতো বড় ক্লাবের প্রধান কোচ ছিলেন তিনি। এমন একজন হাই-প্রোফাইল ও অভিজ্ঞ কোচের উপস্থিতি দলের টেকনিক্যাল দিক আরও ধারালো করবে বলেই বিশ্বাস বাফুফের।
ইউরোপ ও এশিয়ার এই তিন কোচ নিয়েই অবশ্য থামছেন না ডুলি। সাফের মঞ্চে শতভাগ প্রস্তুত একটি দল নামাতে তিনি দেশের ভেতরের কোচদেরও কাজে লাগাতে চান। জানা গেছে, ভিনদেশি এই ত্রয়ীর পাশাপাশি দেশীয় আরও দুজন সহকারী কোচকে নিজের স্টাফে অন্তর্ভুক্ত করার আগ্রহ দেখিয়েছেন এই মার্কিন কোচ। সব মিলিয়ে, সাফের শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামার আগে এক সুসংগঠিত ও পূর্ণাঙ্গ কোচিং স্টাফ নিয়েই ব্লু-প্রিন্ট আঁকতে চাইছেন বাংলাদেশ দলের প্রধান কোচ।


প্রকাশিত: August 4, 2026 | সময়: 4:04 am | সুমন শেখ