সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাত্র একদিনের ব্যবধানে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সান্তাহার ইউনিয়নের পানলা ব্রিজ এলাকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৫২) নিহত হন। এর কয়েক ঘণ্টা পর শনিবার সকালে চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে মাছ ধরার জন্য পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান মিজানুর রহমান (৪২)। দুই ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।
নিহত শহিদুল ইসলাম সান্তাহার ইউনিয়নের পানলা গ্রামের মৃত আবু তালেবের ছেলে। অপরদিকে মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মণ্ডলের ছেলে।
জানা যায়, শুক্রবার বিকেলে পানলা ব্রিজ সংলগ্ন এলাকায় ভাতিজাকে নিয়ে সড়কের পাশে ছাগল চরাচ্ছিলেন শহিদুল ইসলাম। এ সময় রানীনগর থেকে সান্তাহারগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে শহিদুল ইসলাম, তাঁর ভাতিজা আব্দুর রহমান এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শহিদুল ইসলামের মৃত্যু হয়। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে শনিবার সকালে হাউসপুর গ্রামের একটি মাছের পুকুরে পানি সেচ দিতে নামেন মিজানুর রহমান। এ সময় বৈদ্যুতিক পাম্পের একটি তার পানিতে পড়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, দুই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


প্রকাশিত: August 3, 2026 | সময়: 3:46 am | সুমন শেখ

আরও খবর