সর্বশেষ সংবাদ :

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৬ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত দলে নতুন মুখ পেসার মুশফিক হাসান।
এছাড়া ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক। প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন জাকের আলী। মূলত লিটনদের ইনজুরিই ভাগ্য খুলে দিয়েছে উইকেটকিপার এই ব্যাটারের। চোটের কারণে ১৩ আগস্ট শুরু হওয়া ডারউইনের প্রথম টেস্টে লিটন খেলবেন না। মূলত তার বিকল্প হিসেবেই জাকেরকে দলে নেওয়া হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে অভিষেকের পর জাকের এখন পর্যন্ত ৬ টেস্টে ৩০.৬৩ গড়ে ৩৩৭ রান করেছেন।
এছাড়া সবচেয়ে বড় চমকের নাম সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটার ২০২১ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। ৫ বছর পর আবারও টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ তার সামনে। এই ফরম্যাটে ৩০ ইনিংসে ব্যাট করে সৌম্যর রান ৮৩১। একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। এদিকে নাহিদ রানার ইনজুরির কারণে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন মুশফিক হাসান। এছাড়া ছুটি নেওয়া এবাদত হোসেনকেও ফেরানো হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে।
রুণ ক্রিকেটার মুশফিকের জাতীয় দলে কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি। ফার্স্ট-ক্লাস ক্রিকেটে ২৮ ইনিংসে বল করে তার শিকার ৫৭ উইকেট। বেশ গতিতেও বোলিং করতে পারেন ২৩ বছর বয়সী এই তরুণ পেসার। টেস্ট স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ।
আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে ৬ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপরই শুরু হবে টেস্টের লড়াই।
প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।


প্রকাশিত: July 27, 2026 | সময়: 4:09 am | সুমন শেখ

আরও খবর