সর্বশেষ সংবাদ :

বিশ্বকাপ খেলে ফেরার পর ২৫ বছর বয়সে মৃত্যু মেসি-রোনালদোদের শোকবার্তা, অ্যাডামসের শেষকৃত্যে মানুষের ঢল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার পর মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করা জাতীয় দল ও মামেলোডি সানডাউন্সের মিডফিল্ডার জেডেন অ্যাডামসকে অশ্রুসিক্ত শ্রদ্ধায় শেষবিদায় জানানো হয়েছে। শনিবার দক্ষিণ আফ্রিকার ফুটবল ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ শত শত মানুষের উপস্থিতিতে তার ভাবগম্ভীর শেষকৃত্য সম্পন্ন হয়।
গত ১১ জুলাই কেপটাউনের একটি ভবন থেকে অ্যাডামসের মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক মৃত্যুর কারণ এখনও পুলিশি তদন্তের আওতায় রয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকা জাতীয় দল ‘বাফানা বাফানা’র হয়ে ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। ফুল, সঙ্গীত, কবিতা আবৃত্তি এবং মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শেষকৃত্যের এ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় স্টেলেনবোশের কোয়েটজেনবার্গ স্পোর্টস কমপ্লেক্সে।
দক্ষিণ-পশ্চিমের এই শহরেই বেড়ে উঠেছিলেন অ্যাডামস এবং এখানকার স্থানীয় ক্লাবেই তার ফুটবল ক্যারিয়ারের সূচনা হয়েছিল।
শেষকৃত্য অনুষ্ঠানে মামেলোডি সানডাউন্সের চেয়ারম্যান থলোপি মোটসেপে আবেগঘন কণ্ঠে বলেন, ‘জেডেন অ্যাডামস ভবিষ্যতে আরও কী অর্জন করতে পারতেন তা হয়তো আমরা জানি না, তবে আমরা নিশ্চিতভাবে জানি তিনি কে ছিলেন: তিনি ছিলেন বাফানা বাফানার গর্বিত সদস্য, একজন আফ্রিকান চ্যাম্পিয়ন, বিশ্বকাপের খেলোয়াড় এবং স্টেলেনবোশের এক যোগ্য সন্তান।
তিনি আরও যোগ করেন, ‘তবে এসব অর্জনের ঊর্ধ্বে তিনি ছিলেন একজন সন্তান, একজন ভাই এবং একজন বাবা। আমার মনে হয় জেডেন এই পরিচয়গুলোকেই সবচেয়ে বেশি মূল্যবান মনে করতেন।’ অনুষ্ঠানে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) সভাপতি এবং থলোপির বাবা প্যাট্রিস মোটসেপে বলেন, দক্ষিণ আফ্রিকানদের হৃদয়ে অ্যাডামসের জন্য একটি বিশেষ স্থান ছিল। শেষকৃত্যের ব্যয়ের পাশাপাশি খেলোয়াড়ের পরিবারকে ক্লাব কর্তৃপক্ষ সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি জানান, অ্যাডামসের মৃত্যুর খবর পেয়ে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গভীরভাবে শোকাহত হয়েছেন। ম্যাকেঞ্জি বলেন, ‘আজ দক্ষিণ আফ্রিকা এবং বিশেষ করে স্থানীয় অধিবাসীদের জন্য অত্যন্ত দুঃখের একটি দিন। আমরা কেবল একজন ফুটবলারকে হারাইনি, বরং স্টেলেনবোশের এযাবৎকালের সবচেয়ে বড় অনুপ্রেরণাকে হারিয়েছি।’
মন্ত্রী মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত সংবাদমাধ্যম ও সাধারণ জনগণকে কোনো ধরনের অনুমানভিত্তিক খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যদের মধ্যে দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের (সাফা) সভাপতি ড্যানি জর্ডান ফুটবলারদের মানসিক স্বাস্থ্যের ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা ২৫ বছরের কম বয়সী আরও অনেক খেলোয়াড়কে হারিয়েছি। মাঠের কারিগরি প্রস্তুতির বাইরেও খেলোয়াড়রা যেসব মানসিক চাপের মধ্য দিয়ে যান, তা বোঝার এবং তাদের প্রয়োজনীয় মানসিক সহায়তা দেওয়ার সময় এসেছে।’
পারিবারিক শেষকৃত্যের আগে কেবল অ্যাডামসের পরিবারই তার মরদেহ দেখার সুযোগ পায় এবং পরবর্তীতে কেবল নিকটাত্মীয়দের উপস্থিতিতে তাকে সমাহিত করা হয়। অ্যাডামসের পরিবারের মুখপাত্র ও ঘনিষ্ঠ বন্ধু ব্রেনডাইন জনসন জানান, এই কঠিন সময়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং নরওয়ের আর্লিং হালান্ডের মতো বিশ্ব ফুটবলের তারকাদের কাছ থেকে ফোন ও শোকবার্তা পেয়েছেন অ্যাডামসের স্বজনেরা।


প্রকাশিত: July 27, 2026 | সময়: 4:09 am | সুমন শেখ