, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে চিরকুটে প্রাণনাশ ও ক্ষয়ক্ষতির হুমকি দেওয়ার পরে একযোগে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী। ঘটনাটি শুক্রবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হরিসারা চাপাগাছি গ্রামের মৎস্য চাষী কামরুজ্জামানের পুকুরে ঘটেছে। এ ঘটনায় মৎস্য চাষী কামরুজ্জামানের ছোট ভাই নুরজ্জামান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ৬০ হাজার টাকা দিয়ে তিনটি পুকুর বর্গা নিয়ে মাছ চাষ শুরু করেন কামরুজ্জামান। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন, তাঁর তিনটি পুকুরেই বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় তার পাঁচ লাখ টাকার মাছ নিধন হয়েছে বলে তিনি দাবি করেছেন।
থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় চার মাস আগে গভীর রাতে তাদের বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়া হয়। এরপর কয়েকদিন আগে অজ্ঞাত ব্যক্তি তাদের বাড়িতে দুটি হাতে লেখা চিরকুট ফেলে যায়। সেখানে ‘তোদের আর ছাড়ব না’ এবং ‘যেমন করেছিস, তেমন ফল পাবি’ এ ধরনের হুমকি লেখা ছিল। এর পরেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি বাড়ির সামনে এসে ভয়ভীতি ও ক্ষতির হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগে তাদের কয়েকজন প্রতিবেশীর নাম উল্লেখ করে দাবি করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে তাদের পরিবারকে চিরকুট লিখে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে অভিযোগে যাদের নাম এসেছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি কামরুজ্জামান বলেন, ধারদেনা করে বর্গা নিয়ে তিনটি পুকুরে মাছ চাষ করেছি। সকালে পুকুরে গিয়ে দেখি রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, পাঙ্গাস, গ্রাসকার্প, বাটা সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। সব মিলিয়ে আমার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই মাছ বিক্রির টাকায় আমার পরিবারের সংসার চলত। এখন আমি পথে বসার উপক্রম। আমি এর বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য বায়োজীদ হোসেন বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এর আগে ওই পরিবারের খড়ের পালায় আগুন দেওয়া ও চিরকুট লিখে হুমকির অভিযোগও শুনেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শাহীন রেজা বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।