চালককে ছুরিকাঘাত করে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ১

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি (অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনায় শফিকুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া সিএনজিটিও উদ্ধার করা হয়েছে। বুধবার ২২ জুলাই রাতে পাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে সিএনজিসহ তাকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সিএনজিটি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অপর ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, গত শনিবার ১৭ জুলাই রাতে পাবনা থেকে ঈশ্বরদীর রূপপুরে যাওয়ার কথা বলে যাত্রীবেশে দুই ব্যক্তি একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে। পথে ঈশ্বরদীর দাশুড়িয়া তেঁতুলতলা এলাকায় পৌঁছালে তারা চালককে ছুরিকাঘাত করে সিএনজিটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে সিএনজি উদ্ধার ও একজনকে আটক করতে সক্ষম হয়। বৃহস্পতিবার দুপুরে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


প্রকাশিত: July 24, 2026 | সময়: 4:53 am | সুমন শেখ

আরও খবর