বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
এ কে এস রোকন, শিবগঞ্জ: দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া শিশুসহ ৪ নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছে বিএসএফ। বুধবার ৮ জুলাই বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদেরকে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়। এসময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের উর্দ্বতন কর্মকর্তা, ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি সুব্রত কুমার ও ওমর সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারাও উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।
হস্তান্তরকৃত ভারতীয় নাগরিকরা হলেন, দানেশ (২৭), পিতা মুন্নু শেখ, গ্রাম পাইকর, থানা পাইকর, জেলা বীরভূম, পশ্চিমবঙ্গ; সুইটি বিবি (৩৪), স্বামী আজিজুল দেওয়ান, গ্রাম ধিতরা, থানা মুরারাই, জেলা বীরভূম, পশ্চিমবঙ্গ; কুরবান শেখ (১৭), পিতা আজিজুল দেওয়ান, মাতা সুইটি বিবি, গ্রাম ধিতরা, থানা মুরারাই, জেলা বীরভূম, পশ্চিমবঙ্গ; এবং ইমাম দেওয়ান (৬), পিতা আজিজুল দেওয়ান, মাতা সুইটি বিবি, একই ঠিকানার বাসিন্দা।
এদিকে দীর্ঘ এক বছর পর নিজ দেশে ফিরে যেতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশে পুশ-ইনের শিকার ওই চার ভারতীয় নাগরিক। এসময় তারা নিজ দেশে ফিরে যেতে পেরে দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
পুশইন এর শিকার সুইটি বেগম জানান, তারা দিল্লিতে কাজ করতে গিয়ে সেখানকার পুলিশের হাতে আটক হন। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশী আখ্যা দিয়ে আটকের পর বাংলাদেশে গভীর রাতে জঙ্গলের মধ্য দিয়ে পুশ ইন করে দেয়। এ সময় তারা দীর্ঘ এক বছর মানবতার জীবনযাপন করেন বাংলাদেশ। দীর্ঘ আইনী লড়াইয়ের পর অবশেষে তারা নিজ দেশ ভারতে প্রবেশ করতে পেরে খুশি।
ভারতীয় ঐ চার নাগরিকের জিম্মাদার ফারুক হোসেন জানান, দীর্ঘ এক বছর ধরে তারা তার বাড়িতে অবস্থান করছিলেন। এত লম্বা সময়ে তাদের রেখে পরিচালনা করা সত্যিই ব্যায় বহুল। ভারত সরকার তার নিজ দেশের নাগরিকদের এভাবে রাষ্ট্রহীন করার চেষ্টা গ্রহনযোগ্য নয়। দীর্ঘদিন আদালতে আইনি লড়াইয়ের পর ভারত সরকার অন্তসত্বা সোনালী বেগম ও তার ছোট সন্তানকে ফেরত নিলেও তাদের সাথে পুশ ইনের শিকার এ ৪ জনকে ফেরত নিতে টালবাহানা করে। শেষে নানা চেষ্টার পর বুধবার তাদের ভারতে পাঠাতে পেরে আমরা খুশি। আর তারাও নিজ দেশে ফরতে পেরে আনন্দে আবেগপ্রবুত হয়ে পড়েন।
এর আগে গতবছরের ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই ৪ জনসহ মোট ৬ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গতবছরের ৫ ডিসেম্বর সোনালী বেগম ও তার ছেলেকে ফেরত নেয় ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা।
আইনী জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের অনিহায় আদালতের নির্দেশে এই চার ভারতীয় নাগরিক চাঁপাইনবাবগঞ্জের এক জিম্মাদারের বাসায় ৭ মাসের অধিক সময় ধরে অবস্থান করছিলেন। পুশ-ইনের পর গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে বিজিবিকে সোপর্দ করলে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং তারা তিন মাস কারাবরণ করেন।