বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির আওতায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের সিইও তারিক ইকবালের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল মঙ্গলবার (০৭ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। এসময় তাঁরা রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। প্রতিনিধিদলটি পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ ও সে লক্ষ্যে চলমান কর্মসূচির বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য এই উদ্যোগকে স্বাগত জানান।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এসএম কামরুজ্জামান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউনন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক মো. নূরুল মোমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলেপমেন্ট বিভাগের অধ্যাপক মো. নুরুজ্জামান হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রতিনিধিদলটি আজ পাকিস্তান সরকার প্রদত্ত আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে। এদিন বেলা এগারোটা থেকে রাবি সিনেট ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় চার শতাধিক নিবন্ধিত শিক্ষার্থী অংশ নেয়।